ব্রাজিলিয়ান বিশ্বকাপ সাইট হ্যাকড
বিশ্বকাপ ২০১৪’র ব্রাজিল সাইট হ্যাক করেছে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস। শুক্রবার বিকালে হ্যাকাররা সাইটটিকে কয়েক ঘণ্টার জন্য অফলাইনে নিয়ে আসতে সক্ষম হয়।
এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ‘দুর্ভিক্ষ, দুর্নীতি এবং পুলিশের নিষ্ঠুরতার প্রতিবাদে’ হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস ব্রাজিল ‘অপারেশন হ্যাকিং কাপ’ নামে হ্যাকিং ক্যাম্পেইন শুরু করেছে।
এক টুইট বার্তায় হ্যাকিং গ্রুপ দাবি করেছে, এবারই প্রথম নয়, বিশ্বকাপের শুরু থেকে এ পর্যন্ত তারা একশ’রও বেশি আক্রমণ চালিয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অনলাইনে নিয়ে আসার পরও হ্যাকাররা ক্রমাগত সার্ভারে ডেটা পাঠানোর মাধ্যমে বিশ্বকাপ ২০১৪’র সাইটের কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করেছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা এ ব্যাপারে অবাক হননি। এই ধরনের আক্রমণে সাধারণত হ্যাকাররা হাজারো কম্পিউটার ব্যবহার করে থাকে। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমান সময়ে একজন কিশোর বয়সীও সহজেই এ ধরনের সফল আক্রমণ চালাতে সক্ষম।
এছাড়াও ব্রাজিলিয়ান ফেডারেল পুলিশের অভ্যন্তরীণ সার্ভার হ্যাক করতে পেরেছে এমনটা দাবি করে প্রমাণ হিসেবে ফেডারেল পুলিশের সাইট ব্যবহারকারীদের নাম এবং পাসওয়ার্ডসহ লগ-ইন লিংক প্রকাশ করেছিল হ্যাকার দলটি। তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে নিউয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, হ্যাকারদের টার্গেট তালিকায় ব্রাজিলিয়ান ইন্টিলিজেন্স সিস্টেম, হুন্দাই ব্রাজিল, ব্রাজিল ফুটবল ফেডারেশন, দেশটির সরাষ্ট্র বিভাগ, সাও পাওলো মিলিটারি পুলিশ, ব্যাংক অফ ব্রাজিল এবং আফ্রিকা ডটকম ডটবিআর ওয়েবসাইটের নাম রয়েছে।
এর আগে টার্গেট তালিকার বাইরে বিশ্বকাপ স্পন্সরদের সাইটও হ্যাক করার হুমকি দিয়েছে অ্যানোনিমাস।
