২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে শুরু হচ্ছে আইওয়াচ উৎপাদন!

তাইওয়ানের কোয়ান্টা কম্পিউটার চলতি বছরের জুলাই মাসেই শুরু করছে অ্যাপলের আইওয়াচের বাণিজ্যিক উৎপাদন! শুধু তাই নয়, বাজারে ছাড়ার এক বছরের মধ্যে বিশ্বব্যাপী ৫ কোটি স্মার্টওয়াচ বিক্রির লক্ষ্য নিয়ে অ্যাপল কাজ করছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বরাবরের মতো স্মার্টওয়াচ নিয়েও মুখে কুলুপ এঁটে আছে অ্যাপল। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি স্মার্টওয়াচটির নাম। তবে অ্যাপল অনুসারীরা শুরু থেকেই একে সম্মোধন করে আসছেন আইওয়াচ বলে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আড়াই ইঞ্চির চারকোনা একটি ডিসপ্লে থাকতে পারে অ্যাপলের এই স্মার্টওয়াচতে। টাচস্ক্রিন ডিসপ্লে আর ওয়ারলেস চার্জিং সুবিধা থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গার্ডিয়ান।

এই গ্যাজেটটি লঞ্চের প্রথম বছরেই ৫ কোটি ঘড়ি সরবরাহের পরিকল্পনা করছে অ্যাপল। তবে গ্যাজেটটির নির্মাণকাজ এখনও গোড়ার দিকেই রয়েছে। তাই পরিবর্তনও আসতে পারে পরিকল্পনায়। বর্তমানে কোয়ান্টা আপাতত স্মার্টওয়াচটির পরীক্ষামূলক উৎপাদনের কাজ করছে বলেই জানিয়েছে ওই সূত্র।

জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে অক্টোবরেই বাজারে চলে আসতে পারে গ্যাজটটি। অপর এক সূত্র জানিয়েছে, স্মার্টওয়াচটির জন্য স্ক্রিন সরবরাহের কাজটি করছে সরবরাহ করছে এলজি।

ব্যবহারকারীর হৃদস্পন্দন পর্যবেক্ষণের জন্য আলাদা সেন্সর থাকবে স্মার্টওয়াচটিতে। আর সেন্সরগুলো সিংগাপুরভিত্তিক নির্মাতা হেপ্টাগন সরবরাহ করছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

অ্যাপলের পথ অনুসরণ করে ডিভাইসটি নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত আছে কোয়ান্টা, এলজি এবং হেপ্টাগনও।