২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেসিতে গেইম অফ থ্রোনসের রেকর্ড

আবারও পাইরেসি রেকর্ড গড়েছে জনপ্রিয় এইচবিও টিভি সিরিজ গেইম অফ থ্রোনস। টিভি সিরিজটির সিজন ফোরের শেষ এপিসোডটি প্রচার হয়েছে সোমবার। প্রচারের ১২ ঘণ্টার মধ্যে টরেন্ট থেকে এপিসোডটি ডাউনলোড করা হয়েছে প্রায় ১৫ লক্ষ বার, যা ২ পেটাবাইট ডেটার সমান।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 08:18 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গেইম অফ থ্রোনসের কারণেই টরেন্টে আবারও তৈরি হয়েছিল বৃহত্তম ‘সোয়ার্ম’। এক সঙ্গে বিপুল পরিমাণ ব্যবহারকারী যখন একই ফাইল শেয়ার করেন, টরেন্টের হিসেবে তাকে বলা হয় সোয়ার্ম। মে মাসেই গেইম অফ থ্রোনসের চতুর্থ সিজনের ‘ফার্স্ট অফ হিজ নেইম’ এডিসোডটি এক সঙ্গে ২ লাখ ৭ হাজার ৫৪ জন টরেন্ট ব্যবহারকারী শেয়ার করে রেকর্ড গড়েছিলেন। শেষ এপিসোড ‘দ্য চিলড্রেন’ ২ লাখ ৫৪ হাজার ১১ জন টরেন্ট ব্যবহারকারী শেয়ার করায় তৈরি হয়েছে সবচেয়ে বড় টরেন্ট ‘সোয়ার্মের’ নতুন রেকর্ড।

তবে সবচেয়ে বড় টেরেন্ট সোয়ার্ম নয়, চোখ ছানাবড়া হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে শেষ এপিসোড নিয়ে টরেন্টের ডেটা ট্রাফিক। ১২ ঘণ্টায় ২ পেটাবাইট ডেটা ট্রান্সফার হয়েছে এপিসোডটির কারণে। ১ হাজার টেরাবাইট সমান হল ১ পোটাবাইট। ডিভিডির হিসেব কষলে কেবল ১ পেটাবাইট ডেটা সংরক্ষণ করতে প্রয়োজন হবে ২ লাখ ৩৩ হাজার ডিভিডির।

শুধু টরেন্টেই নয়, টিভিতেও রেকর্ড গড়েছে গেইম অফ থ্রোনস। অফিশিয়াল ইউএস রেটিং অনুযায়ী, সোমবার ৭১ লাখ দর্শক এক সঙ্গে দেখেছেন সিজন ফোরের শেষ এপিসোডটি।