২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইফটবিষয়ে সাধারণ ধারণা

টেক জায়ান্ট অ্যাপল এই বছরে ওয়ার্লওয়াইড ডেভলপারস কনফারেন্সে (WWDC) ডেভলপারদের জন্য নিয়ে এসেছে নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ‘সুইফট’। এতোদিন অ্যাপল প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার এবং অ্যাপ তৈরিতে ডেভলপাররা ব্যবহার করতেন বহুল প্রচলিত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অবজেক্টিভ-সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 12:51 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

অ্যাপলের নতুন এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অবজেক্টিভ-সি এর চেয়েও আধুনিক, নিরাপদ এবং শক্তিশালী বলেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকৌশলী প্রধান ক্রেইগ ফেডেরিঘি।

কিন্তু ঠিক কতটা ‘আধুনিক, নিরাপদ এবং শক্তিশালী’ নতুন এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সুইফট এবং বৈশ্বিক ডেভলপার গোষ্ঠীর জন্য কী পরিবর্তন নিয়ে আসতে পারবে এটি?

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে সুইফট প্রসঙ্গে আলোচনা করেছে। প্রতিবেদনটির আলোকে চলুন ধারণা নেয়া যাক নতুন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে।

সুইফট তৈরিতে অ্যাপলের মোট সময় লেগেছে চার বছর। অ্যাপল প্ল্যাটফর্মের ওএসএক্স এবং আইওএসের অ্যাপ এখন থেকে তৈরি হবে সুইফটে। অ্যাপল আশা করছে, নতুন এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি তরুণ কোডারদের আধুনিক ল্যাঙ্গুয়েজে কোড লিখতে উৎসাহিত করবে। যদিও সু্ইফট এবং অবজেক্টিভ-সি দুটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পূর্ণ ভিন্ন, তারপরও অবজেক্টিভ-সি থেকে সুইফটে কোড লিখতে ডেভলপারদের যেন ঝামেলা পোহাতে না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছে অ্যাপল।

সুইফটের সঙ্গে অবজেক্টিভ-সি লাইব্রেরির বিদ্যমান বাইনারির সামঞ্জস্য রাখা হয়েছে এবং নতুন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কোকোয়া ফ্রেমওয়ার্কসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলবে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

সহজ ভাষায় বলতে গেলে, ডেভলপারদের অবজেক্টিভ-সি কোডে লেখা স্বতন্ত্র মডিউল সু্ইফটে কাজ করাতে পারবেন। ফলে নিজস্ব গতিতেই সুইফট অ্যাপ তৈরি করতে পারবেন ডেভলপাররা।

অবজেক্টিভ-সি নিঃসন্দেহে বেশ ভালো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সময়ের স্রোতে এতে বর্তমান মানের প্রোগ্রাম লেখার সময় মুখোমুখি হতে হয় কিছু সীমাবদ্ধতার। বলা হচ্ছে ওই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠার জন্যই অ্যাপল তৈরি করেছে সুইফট। উদাহরণস্বরূপ বলা যায়, আধুনিক এই ল্যাঙ্গুয়েজে ছোটখাট মেমোরি পরিচালনা বা বাগ ঠিক করতে অবজেক্টিভ-সি’তে যতোটা সময় লাগতো তা সুইফটে লাগবে না। অবজেক্টিভ-সি এসব ক্ষেত্রে অনেকটাই অনিরাপদ। প্রাথমিকভাবে সুইফট এই সমস্যাগুলোরই সমাধান করার চেষ্টা করছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

প্রোগ্রামাররা ছোট এবং সংক্ষিপ্ত কোড লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্য সুইফটে রাখা হয়েছে ‘টাপল’ নামের একটি বিশেষ টাইপ। এর মাধ্যমে জেনেরিকস, ক্লোসারস এবং অপারেটর ওভারলোডিং একত্রিকরণ করা যাবে। তবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের অনেক ফিচার সুইফটে অনুপস্থিত বলেই জানিয়েছে গার্ডিয়ান।

এবার গার্ডিয়ানের প্রতিবেদনের আলোকে এক নজরে দেখে নেওয়া যাক সুইফটের সুবিধাগুলো-

১.টাইপ ইন্টারফেইস

সুইফটে তথ্য প্রতীকের সঙ্গে ভ্যারিয়েবল টীকা যোগ করতে হবে না। কম্পাইলার টাইপভিত্তিতে নিজেই এই সিদ্ধান্ত নেবে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

২. টাইপ নিরাপত্তা

সুইফটের মাধ্যমে, কম্পাইলার টাইপের সঙ্গে জড়িত সুক্ষ্ম বাগ ধরতে আরও সাহায্য করতে পারবে।

৩. কন্ট্রোল ফ্লো

নতুন এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির রয়েছে পুঙ্খানুপুঙ্খ ভিত্তিগত অভিজ্ঞতা। ফলে এটি রেঞ্জ, উপাদানের তালিকা, বুলিয়ান এক্সপ্রেশন ইত্যাদি মিলিয়ে নিতে সক্ষম।

৪. অপশনাল

অপশনাল টাইপ হচ্ছে এমন একটি টাইপ যাতে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে। এর মাধ্যমে প্রোগ্রামাররা কয়েকটি টাইপের মধ্যে আরও সহজে পরিবর্তন আনতে পারবেন এবং নাল চেকের বিষয়টি এড়াতে পারবেন।

৫. স্ট্রিংস

অবজেক্টিভ-সি এর চেয়েও পরিষ্কার পদবিন্যাস (syntax) থাকায় সুইফটে স্ট্রিংস আরও সহজে প্রয়োগ করা সম্ভব হবে।