টাইপিংয়ের ঝামেলা কমাবে সুইফটকি
স্মার্টফোন স্ক্রিনে টাইপ করার ঝক্কি কমাতে গুগল প্লেস্টোর থেকে এখন বিনামূল্যেই ডাউনলোড করা যাবে সুইফটকির ‘স্মার্টফোন কিবোর্ড অ্যাপ’। ২০১০ সাল থেকে গত ১১ জুন পর্যন্ত গুগল প্লেস্টোরে এই অ্যাপটি ডাউনলোড করতে খরচ করতে হতো ৪ ডলার। এটি ছিলো প্লেস্টোরে অন্যতম জনপ্রিয় পেইড অ্যাপ।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, স্মার্টফোনের স্ক্রিনে টাইপ করতে অনেককেই অসুবিধায় পরতে হয়। তার উপর অটোকারেক্টও অনেক সময় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায় ব্যবহারকারীর।
আর এ সমস্যা কমাতেই সুইফটকির স্মার্টফোন কিবোর্ড অ্যাপ। ১১ জুন থেকে এটি গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যেই ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারী। অ্যাপটি এর আগেই প্রায় তিন কোটি বার ডাউনলোড করা হয়েছে।
‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স’ ব্যবহার করে, কি লেখা হবে তা অনুমান করে নেয় এ অ্যাপটি। এক্ষেত্রে ব্যবহারকারী কোন শব্দগুলো বেশি ব্যবহার করেন, ডাটাবেস ঘেটে সেগুলোর উপর ভিত্তি করেই অ্যাপটি শব্দ চয়ন করে থাকে।
অ্যাপটির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে সুইফটকি অ্যাপটি এখন ফ্রি ডাউনলোডের সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। তবে এর সংশ্লিষ্ট থিম ডাউনলোড করতে হলে চার্জ দিতে হবে।
গুগল প্লে স্টোরে অ্যাপগুলোর জনপ্রিয়তার কারণে সুইফটকি প্রতিষ্ঠানটি কিনে নেবার চেষ্ঠায় আছে সার্চ জায়েন্ট গুগল এবং ফেইসবুক। যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছুই জানা যায়নি। সুইফকি’র তরফ থেকেও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।
তবে শুধু অ্যান্ড্রয়েড নয়, আইওএস ভিত্তিক ফোনগুলোতেও এই অ্যাপটির ব্যবহার বৃদ্ধির চেষ্টা করতে সুইফটকি।
সুইফটকি-এর কিবোর্ড অ্যাপটি মূলত ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতেই। সুইফটকি সম্প্রতি ফোন নির্মাতা স্যামসাং এবং এলজি’র সঙ্গে জোট বেঁধেছে। এ প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু স্মার্টফোনে ‘স্মার্টফোন কিবোর্ড অ্যাপটি প্রি-ইনস্টল্ড অবস্থায় থাকবে।
