২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোশাল মিডিয়া বিচ্ছিন্ন ইরাক

শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক, ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এবং মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্লক করে দেওয়া হয়েছে ইরাকে। যুদ্ধবিদ্ধস্ত দেশটির উত্তরাঞ্চলে চলমান অস্থিরতার মধ্যেই বিশ্বব্যপী জনপ্রিয় সাইটগুলো ব্লক করে দিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:57 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ফেইসবুক, ইউটিউব ও টুইটার সহ বেশ কিছু সাইট ব্লক করে দেয় ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়। সাইটগুলো ব্লক করে দেওয়ার খবর নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সংগঠন ‘সাইবার অ্যারাবস’। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সাইবার স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করার পাশাপাশি সাইবার নিরাপত্তা প্রশিক্ষণও দিয়ে থাকে সংগঠনটি।

ইরাকে ফেইসবুক, ইউটিউব এবং টুইটার ব্লক করে দেওয়ার খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানগুলোর মুখপাত্ররা। এই ঘটনাকে ‘আন্তর্জাতিক সমাজের জন্য দুশ্চিন্তার বিষয়’ বলে মন্তব্য করেছেন ফেইসবুক মুখপাত্র।

ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে কুয়েত নিউজ সার্ভিস জানিয়েছে, ইরাকের সরকারের নির্দেশেই ফেইসবুক, ইউটিউব ও টুইটারসহ বেশ কিছু সাইট ব্লক করে দিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। এর পেছনে ওই সূত্র নির্দিষ্ট কোনো কারণ ব্যাখা না করলেও উত্তরাঞ্চলের জঙ্গিদের সাইটগুলো ব্যবহার ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।

উত্তরাঞ্চলের বিদ্রোহীদের সোশাল মিডিয়ার ব্যবহার নতুন কিছু নয়। টুইটারে একাধিকবার বিভিন্ন পোস্ট করেছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা।

এদিকে বহুল ব্যবহৃত সাইটগুলো ব্লক করে দেওয়ায় সাধারণ ব্যবহারকারীরা এখন ঝুঁকিপূর্ণ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের দিকে ঝুঁকবেন বলে আশংকা প্রকাশ করেছেন সাইবার অ্যারাবসের সদস্য আহমাদ জৌখবি। ম্যালওয়্যার আর স্পাইওয়ারের ছড়াছড়ি থাকায় সাধারণ ব্যবহারকারীদের ভিপিএনের ব্যবহার ব্যাপক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে অপটিকাল কেবলের পূর্বপরিকল্পিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য তুরষ্ক সীমান্তবর্তী এলাকায় ১৫ জুন থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে বলে শুক্রবারেই এক ফেইসবুক পোস্টে জানিয়েছিল ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়।

শীর্ষ তিন সাইট ব্লক করার এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ইরাক সরকার।