২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনকে প্রভাবিত করে ফেইসবুক পোস্ট

মনের ভাব প্রভাবিত করতে পারে ফেইসবুক পোস্ট, সম্প্রতি এমনটাই আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্য অনুসারে, এক ফেইসবুক বন্ধুর হতাশামূলক পোস্ট হতাশাগ্রস্থ করতে পারে অন্য বন্ধুকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, প্রায় ৭ লাখ ফেইসবুক ব্যবহারকারীর নিউজফিড থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে গবেষণা চালিয়ে ‘মুডের’ ওপর ফেইসবুক পোস্টের প্রভাবের ব্যাপারে নিশ্চিত হয়েছেন কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভর্সিটি অফ সান ফ্রান্সিসকোর বিজ্ঞানীরা।

এলোমেলোভাবে ৬ লাখ ৮৯ হাজার তিন জন ফেইসবুক ব্যবহারকারীকে এই পরীক্ষাটির জন্য নির্বাচিত করা হয়। এরপর তাদের কারও নিউজফিড থেকে ইতিবাচক পোস্ট কমিয়ে দেয়া হয়, আবার কারও নিউজফিড থেকে নেতিবাচক পোস্ট কমিয়ে নেয়া হয়।

এ প্রসঙ্গে কর্নেল কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেস এবং সোশাল মিডিয়া ল্যাবের কো-ডিরেক্টর অধ্যাপক জেফ হ্যানকক বলেন, “পরীক্ষামূলকভাবে এক সপ্তাহ নিউজফিড থেকে ইতিবাচক কন্টেন্ট সড়িয়ে নেয়া হয়েছিল। স্ট্যাটাস আপডেটে বাড়িয়ে দেওয়া হয়েছিল নেতিবাচক শব্দের সংখ্যা। নেতিবাচক শব্দ কমিয়ে ইতিবাচক শব্দের ব্যবহার বাড়িয়ে দেওয়ার পর অন্যদের পোস্টেও বেড়েছিল ইতিবাচক শব্দের ব্যবহার।”

তবে গবেষণাটির সঙ্গে জড়িতরা জানিয়েছেন, ফেইসবুকের ডেটা ব্যবহার নীতিমালার কারণে ব্যবহারকারীদের পোস্টের অনেক তথ্যই ছিল গবেষকদের নাগালের বাইরে। তারা ৩০ লাখ পোস্টের ইতিবাচক এবং নেতিবাচক শব্দ গণনা করেছেন শুধু। এই গণনায় ৪০ লাখ ইতিবাচক শব্দ এবং ১৮ লাখ নেতিবাচক শব্দ পেয়েছেন বলেই জানিয়েছেন তারা।