আপনার ব্যক্তিত্ব জানে ফেইসবুক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ফাইভ ল্যাবস একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে যার সাহায্যে আপনি দেখতে পাবেন কিভাবে ফেইসবুক আপনার স্বভাবচরিত্র বিশ্লেষণ করে।
ফেইসবুক, গুগল এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপনার স্ট্যাটাস, পোস্ট, লাইক ইত্যাদির বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে কোন কোন বিজ্ঞাপন আপনাকে সবচেয়ে ভালভাবে আকৃষ্ট করতে পারবে, আর এই প্রক্রিয়াকে বলা হয় সাইকোগ্রাফিক টার্গেটিং।
অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে http://labs.five.com/ সাইট থেকে।
নিউ ইয়র্ক টাইমসের ব্লগে কুইন্টিন হার্ডি বিশ্লেষণ করে দেখিয়েছেন পাঁচটি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব বিশ্লেষণ করে দেখাবে এই অ্যাপ্লিকেশন। এই বৈশিষ্ট্যগুলো হল সহিষ্ণুতা (agreeableness), প্রতিক্রিয়াশীলতা (neuroticism) মুক্তচিন্তা (openness), বহির্মুখিতা (extraversion), এবং ব্যক্তিবিশেষের গোছানো স্বভাব (conscientiousness)।
আপনার ব্যক্তিত্বের সঙ্গে কোন কোন বন্ধুর মিল আছে সেটাও তুলে ধরা যাবে এর সাহায্যে। সবচেয়ে মজার ব্যাপার হল- বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সঙ্গেও আপনার বৈশিষ্ট্যগুলোর তুলনা করে দেখাবে অ্যাপটি।
আসলে ফেইসবুকের সঙ্গে এই বিশ্লেষণ কতটুকু মেলে?
ফাইভ ল্যাবসের অন্যতম প্রতিষ্ঠাতা নিকিতা বায়ার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, অ্যাপ্লিকেশনটি আসলে সূক্ষ্ণ বিশ্লেষণের জন্য নয়, তবে ফেইসবুকের মত বড় প্রতিষ্ঠানগুলো যে আমাদের ব্যক্তিত্ব নিয়ে আরও সূক্ষ্ণ বিশ্লেষণ করতে সক্ষম, তারই একটা ধারণা এর মাধ্যমে পাওয়া সম্ভব।
তিনি বলেন, “এপর্যন্ত যত মানুষ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখেছেন তাদের শতকরা ৯০ ভাগই জানিয়েছেন বিশ্লেষণটা তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে প্রায় পুরোটাই মিলে যায়।”
মনোবিজ্ঞানীদের গবেষণা বলে দৈনন্দিন জীবনে আমরা যেসব শব্দ ব্যবহার করি সেগুলো আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। এই বিষয়টি নিয়ে বহুবছর গবেষণা করছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রু শোয়ার্জ, যিনি ফাইভ ল্যাবসকে এই অ্যাপ্লিকেশনটি বানাতে সাহায্য করেছেন।
