২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনটেলের জরিমানা ১৪৪ কোটি ডলার

অন্যায়ভাবে একচেটিয়া বাজার ধরে রাখার চেষ্টার মামলায় হেরে গিয়ে এখন নজিরবিহীন ১৪৪ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ গুণতে হবে চিপ জায়েন্ট ইনটেলকে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাইক্রোচিপ বাজারে অপর নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)-এর ব্যবসায় বাঁধা সৃষ্টি করেছে ইনটেল এমন সিদ্ধান্ত দেয় ইওরোপিয়ান কমিশন। ২০০৯ সালে কমিশনের ওই সিদ্ধান্তই বজায় রেখেছে লুক্সেমবার্গের আদালত।

আদালতের এমন সিদ্ধান্তে দারুণ হতাশ ইনটেল। তবে এই রায়ের বিপক্ষে ইনটেল ইউরোপিয়ান ইউনিয়নের কোর্ট অফ জাস্টিসে আপিল করতে পারবে।

২০০৯ সালে এ বিষয়ে তদন্তে ইউরোপিয়ান কমিশন জানতে পারে ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে এএমডি’র মাইক্রোপ্রসেসর কে ঠেকাতে ডেল, হিউলেট প্যাকার্ড, জাপানের এনইসি এবং লেনোভোকে বাজার মূল্যের তুলনায় কম দামে চিপ সরবরাহ করে ইনটেল।

কেবল নির্মাতা পর্যায়ে নয়, বিপণণেও একই অভিযোগ আসে ইনটেলের বিরুদ্ধে। বলা হয়েছে, জার্মানির প্রযুক্তি চেইন শপ মিডিয়া স্যাটার্ন হোল্ডিংকে ইনটেল আলাদা করে ঘুষ দেয় যাতে করে তারা ইন্টেলের চিপ দিয়ে নির্মিত কম্পিউটার বা গ্যাজেট ছাড়া একই শ্রেণিভূক্ত অন্য কোনো পণ্য বিক্রয় না করে।

আদালত জানায়, “একচেটিয়া বাজার টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে এএমডি-এর বাজার ছিনিয়ে নিতে দীর্ঘকালীন পদক্ষেপ গ্রহণ করেছিল ইনটেল।”

বিচারক জানান, “সাধারণ আদালতে ইনটেল অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে যে জরিমানা ধার্য করা হয়ে তা ভিত্তিহীন। তবে মামলার প্রতিটি বিষয় খতিয়ে দেখলে তাদের বিরুদ্ধে যে জরিমানা দেয়া হয়েছে সেটি যথাযথ।”

এক প্রতিক্রিয়ায় ইনটেল জানিয়েছে, আদালতের সিদ্ধান্তে তারা খুবই হতাশ।