নাইটহুড পেলেন হিগস-বোসন গবেষক
হিগস-বোসন পার্টিকেল তত্ত্ব নিয়ে গবেষণা এবং আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য নাইটহুড পেয়েছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের দুই পদার্থবিজ্ঞানী প্রফেসর টম কিবল এবং প্রফেসর তেজিন্দার জিম ভার্দি। ষাটের দশকে হিগস-বোসন নিয়ে প্রফেসর কিবলসহ ছয় বিজ্ঞানীর গবেষণার সূত্র ধরেই ২০১২ সালে সন্ধান মেলে বহুপ্রতীক্ষিত কণার। আর কণাটি চিহ্নিত করেছিল যে কম্প্যাক্ট মিউয়ন সোলেনয়েড (সিএমএস) তার ডিজাইনারও প্রফেসর ভার্দি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রানীর জন্মদিন উপলক্ষ্যে নাইটহুড পাওয়া ব্যক্তিদের তালিকায় এসেছে প্রফেসর কিবল এবং প্রফেসর ভার্দির নাম। ওই দুই পদার্থবিজ্ঞানী ছাড়াও নাইটহুড পেয়েছেন ন্যাশনাল ফিজিকাল ল্যাবরেটরির প্রফেসর জন বার্নার্ড পিথিকা এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রফেসর কলিন ব্লেকমোর।
হিগস কণা আবিষ্কারের পর নোবেল কমিটি পুরষ্কারের জন্য কেবল প্রফেসর পিটার হিগস আর প্রফেসর ফ্রাঙ্কোইস ইংলার্টকে মনোনীত করলেও বিবেচনায় আনেনি প্রফেসর কিবল সহ ষাটের দশকে হিগস-বোসন তত্ত্ব নিয়ে গবেষণাকারী দলের বাকি জীবিত সদস্যদের। নোবেল কমিটির প্রফেসর কিবলকে পুরষ্কারের জন্য মনোনিত করা উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন খোদ প্রফেসর হিগস। একটি পুরষ্কারের জন্য সর্বোচ্চ তিনজনকে মনোনিত করতে পারে নোবেল কমিটি।
“নোবেল কমিটি মনোনয়নের সংখ্যা বাড়িয়ে তিন করবে বলেই আশা করছিলাম আমি। ৬৪ সালে প্রকাশিত শেষ গবেষণা প্রতিবেদনটি সহ সবচেয়ে বড় প্রতিবেদনটাই লিখেছিল কিবল।”—বিবিসিকে বলেন প্রফেসর হিগস।
“ব্রিলিয়ান্ট! আমি আশা করছিলাম যে টম স্বীকৃতি পাবে। আমি সত্যি তার জন্য অনেক খুশি। সার্নে এখন আমরা যে গবেষণা করছি তার শুরুটাই হয়েছিল কিবলের প্রতিবেদন থেকে।”
হিগস কণা চিহ্নিত করেছিল যে কম্প্যাক্ট মিউয়ন সোলেনয়েড (সিএমএস) তার নকশা প্রফেসর ভার্দির করা। চার সহকর্মীর সঙ্গে জোট বেঁধে ৯০-এর দশকে সিএমএসের পরিকল্পনা করেছিলেন প্রফেসর ভার্দি। পার্টিকল ফিজিক্স ডিটক্টেরটির নির্মাণ প্রকিয়া তত্ত্বাবধানের পাশাপাশি ২০০৬ সাল থেকে শুরু হওয়া পরীক্ষা-নিরীক্ষার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রফেসর ভার্দির গবেষণা আর আবিষ্কৃত প্রযুক্তির বদৌলতেই ২০১২ সালে এসে সন্ধান মেলে হিগস কণার।
“নাইটহুড আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ ছিল। আমি সত্যিই খুব আনন্দিত এই স্বীকৃতি পেয়ে।”— এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রফেসর ভার্দি।
