বিশ্বকাপ সংশ্লিষ্ট সাইটে আক্রমণ!
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪-এর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ওয়েবসাইটের উপর সাইবার আক্রমণ চালানোর দাবি করেছে হ্যাকাররা। সাইবার অপরাধীদের দাবি টুর্নামেন্ট স্পন্সর হিউন্দাই ও ব্রাজিলের শীর্ষ গোয়েন্দাসংস্থাসহ আক্রমণ চালানো হয়েছে একাধিক সরকারি-বেসরকারি সাইটে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপের সঙ্গে জড়িত বিভিন্ন সাইটের উপর আক্রমণ চালানোর ওই দাবি করেছেন ‘চে কেমোডোরে’ ছদ্মনাম ব্যবহারকারী এক হ্যাকার। হ্যাকারদের শীর্ষ সংগঠন অ্যানোনিমাসের সঙ্গে সংশ্লিষ্টতার দাবিও করেছেন তিনি।
রয়টার্সকে ওই হ্যাকার বলেন, “একটি ব্যক্তিমালিকনাধীন দুর্নীতিগ্রস্থ খেলার টুর্নামন্টের জন্য যে প্রতিষ্ঠান এবং সরকার মানুষের মৌলিক অধিকার অস্বীকার করছে তারাই আক্রমণের শিকার হবে।”
ব্রাজিল সরকারের পাশাপাশি বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপর ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বড় ধরনের সাইবার আক্রমণ ঠেকাতে ব্রাজিলের প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিতির কারণে বিশ্বকাপের সময় সম্ভাব্য সাইবার আক্রমণ সম্পর্কে বিশেষজ্ঞরা সাবধান করে দিয়েছিলেন আগেই। বিশ্বকাপের নতুন স্টেডিয়াম বানাতে বিলিয়ন ডলার খরচ নিয়ে দেশটির সাধারণ জনগন ক্ষেপে থাকার খবর এসেছে বেশ কয়েকবার।
সাইবার আক্রমণের শিকার হওয়ার খবর নিশ্চিত করেছে একাধিক সাইট। ব্রাজিলের স্থানীয় সরকার বিষয়ক ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিশ্চিত করেছেন ব্রাজিল সরকারেরই এক মুখপাত্র। সাইটটি বন্ধ করে ৩০ মিনিটের মধ্যে আবার ঠিক করে চালু করার দাবিও করেছেন তিনি।
তবে হ্যাকারদের তৎপরতা বেড়েছে বলে স্বীকার করলেও সরকারি সাইটের বেদখল হওয়ার খবর অস্বীকার করেছেন ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
অন্যদিকে দখল করে নেওয়া ২৭টি সাইটের এক তালিকাও প্রকাশ করেছে হ্যাকাররা।
সাইবার আক্রমণের ঘটনা অস্বীকার করেছেন ব্রাজিলের গোয়েন্দা সংস্থা এবিআইএনের এক মুখপাত্র। সাইবার আক্রমণ নয় বরং কারিগরি ত্রুটি মেরামতের জন্য শনিবার সাইটটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে দাবি করেছেন ওই মুখপাত্র। সাইবার আক্রমণের খবর অস্বীকার করেছে হিউন্দাইও।
