২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেখেয়ালি আপলোড!

শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক নির্মাণাধীন আইওএস অ্যাপ ‘স্লিংশট’ ভুল করেই অ্যাপ স্টোরে আপলোড করে ফেলেছিল সোমবার। যদিও পরে আবার সরিয়েও ফেলা হয়েছে অ্যাপটি, কিন্তু তার আগেই অ্যাপটির নাম ও কাজ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন প্রযুক্তিপ্রেমীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 07:02 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

নির্মাণাধীন বা পরীক্ষামূলক পর্যায়ে থাকা অ্যাপ সময়ের আগেই আপলোড হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ভুলে আপলোড হওয়া এমনই আরও পাঁচ অ্যাপের খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

ম্যাশএবলের সেই প্রতিবেদনের আলোকে চলুন আমরাও জেনে নেই ‘দুর্ঘটনাক্রমে’ আপলোড হওয়া সেই পাঁচটি অ্যাপ সম্পর্কে।

১. গুগল মাইগ্লাস (Google MyGlass)

গুগল গ্লাসের জন্য নতুন আইওএস অ্যাপ ‘গুগল মাইগ্লাস’ নিয়ে কাজ করছিল ওয়েব জায়ান্ট গুগল। ব্যবহারকারীকে গুগল গ্লাস পরিচালনা ও কনফিগারেশনে সহায়তা করে অ্যাপটি। নির্ধারিত সময়ের আগে হঠাৎ করেই অ্যাপস্টোরে হাজির মাইগ্লাস। আপলোড হওয়ার পর বেশ দ্রুতই অ্যাপটি অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিয়েছিল গুগল। কিন্তু ততক্ষণে ঠিকই সবার নজরে পড়ে গিয়েছিল গুগল মাইগ্লাস।

পরবর্তীতে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বিষয়টি দুর্ঘটনা ছিল। ওই ঘটনার কয়েকদিন পরই অবশ্য আনুষ্ঠানিকভাবে অ্যাপটি পুনরায় অ্যাপ স্টোরে আপলোড করেছিল গুগল।

২. ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার (Blackberry Messenger)

ব্ল্যাকবেরি বিবিএম মেসেঞ্জার অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ ভুলে গুগল প্লে স্টোরে আপলোড করে ফেলেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। আপলোড করার পরবর্তী আট ঘণ্টার মধ্যেই ১১ লাখ ব্যবহারকারীর হাতেও পৌঁছে যায় অ্যাপটি। কারিগরি খুঁত থাকায় অনেকটা জোর করেই অ্যাপটি নামিয়ে নিয়েছিল ব্ল্যাকবেরি, নামিয়ে নেওয়া হয় বিবিএম অ্যাপটির আইওএস সংস্করণও। পরে অ্যাপের ‘বাগ’ ঠিক করে অ্যাপের দুটি সংস্করণই পুনরায় একমাস পর আপলোড করে ব্ল্যাকবেরি।

৩. ওশেনহর্ন (Oceanhorn)

ওশেনহর্ন মূলত একটি মোবাইল গেইম। প্রায়শই এটির তুলনা করা হয় জনপ্রিয় জেলডা ফ্র্যাঞ্চাইজের সঙ্গে। সময়ের আগেই আপলোড হয়ে গিয়েছিল এই গেইমটিও। অ্যাপটির নির্মাতা কর্নফক্স অ্যান্ড ব্রাদার্সের দেওয়া তথ্য অনুসারে, মার্চ ২০১৩ সালে নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ভুলে আপলোড হয়ে গিয়েছিল। ওশেনহর্ন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল গেইমারদের ‘রিফান্ড’ অফার দিয়ে।

৪. মিডল ম্যানেজার্স অফ জাস্টিস (Middle Managers of Justice)

‘মিডল ম্যানেজার্স অফ জাস্টিস’ গেইমটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ২০১২ সালে ভুলে গেইমটি অ্যাপ স্টোরে আপলোড করে ফেলেছিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক গেইম নির্মাতা প্রতিষ্ঠান ‘ডাবল ফাইন’। পরে অবশ্য নিজেদের ভুলকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছিল প্রতিষ্ঠানটি। মেসেজ বোর্ডের মাধ্যমে গেইমারদের একত্রিত করে তাদের প্রতিক্রিয়াসহ গেইমটির বিষয়ে বিভিন্ন তথ্য নিয়েছিল গেইমটির নির্মাতারা। আর আপলোড হয়ে যাওয়া সংস্করণটিকে রেখে দেওয়া হয়েছিল পরীক্ষামূলক সংস্করণ হিসেবেই।

৫. ফক্সের ফ্যামিলি গাই (Fox’s Family Guy)

‘ফ্যামিলি গাই: আ কোয়েস্ট ফর স্টাফ’ নামে নতুন মোবাইল গেইম তৈরির জন্য চুক্তি করেছিল ফক্স এবং সান ফান্সিসকোভিত্তিক গেইমিং প্রতিষ্ঠান টাইনিকো (TinyCo)। গেইমিং সাইট পিক্সেল ডায়নামোর তথ্য অনুসারে, নিউ জিল্যান্ডের গেইমারদের জন্য ভুলবশত আপলোড হয়ে গিয়েছিল এই গেইমটিও। এক গেইমার ওই গেইমটি খেলার ছবি ইউটিউব এবং টুইটে শেয়ার করার পর টনক নড়ে ফক্সের। অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়া হয় গেইমটি।