২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপডেট ছাড়া অকার্যকর উইন্ডোজ ৮.১ প্যাচ

এপ্রিল মাসে আসা উইন্ডোজ ৮.১ আপডেট ইনস্টল না করা থাকলে ইনস্টল হবে না ওএসটির পরবর্তী সফটওয়্যার প্যাচগুলো ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের শুরুতে উইন্ডোজ ৮.১-এর আপডেট লঞ্চ করার সময়ই এই বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করেছিল মাইক্রোসফট। সম্প্রতি আবারও বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের মুখমাত্র জিল লোভাটো।

এপ্রিলের সফটওয়্যার আপডেট ইন্সটল করা না থাকলে ১০ জুনের নতুন আপডেটসহ পরবর্তী কোনো আপডেট বা সফটওয়্যার প্যাচ ইনস্টল করা যাবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

সিনেটকে এ ব্যাপারে লোভাটো বলেন, “উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই এপ্রিলের আপডেট ইনস্টল করেছিলেন। তবে যারা এপ্রিলের আপডেট এড়িয়ে গিয়েছিলেন তারা ১০ জুনের আপডেটেগুলো ইনস্টল করতে পারবেন না।”

লোভাটো আরও বলেন, “তাদের কম্পিউটারে নতুন আপডেট ‘নট অ্যাপ্লিকেবল’ দেখাবে। অর্থাৎ তারা উইন্ডোজ ৮.১-এর এপ্রিলের আপডেট ইন্সটল না করা পর্যন্ত ভবিষ্যতের কোনো আপডেটই ব্যবহার করতে পারবেন না।”

মূলত টাচ স্ক্রিন এবং ট্যাবলেটে ব্যবহারের জন্যই আদর্শ উইন্ডোজ ৮, এমন ধারণাই শেকড় গেড়েছিল ব্যবহারকারীদের মধ্যে। আর এই ধারণায় পরিবর্তন আনতে মাইক্রোসফট উইন্ডোস ৮.১ তৈরি করা হয়েছিল সাধারণ কম্পিউটারে ব্যবহারের উপযোগী করে ।

উইন্ডোস ৮.১-এ এপ্রিলের আপডেটগুলো ঠিকভাবে ইন্সটল হয়েছে কি না তা বোঝা যাবে ডেস্কটপেই। যদি পাওয়ার বাটন এবং সার্চ আইকন স্টার্ট স্ক্রিনের উপরের ডানপাশে থাকে তাহলে বুঝতে হবে আপডেট ঠিকভাবেই ইন্সটল করা হয়েছে।