২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল প্রযুক্তির মেলা

শিশুদের অংশগ্রহণসহ চতুর্থ দিনে নানারকম আয়োজনের মধ্যে শেষ হল তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। চারদিনে ১৫টি কারিগরি সেশন এবং ২৭টি সেমিনার ও গোলটেবিল আলোচনার মধ্যে শেষদিনে সিএক্সও সামিটে অনলাইন আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 07:23 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

মেলায় মোট তিন লাখ ২০ হাজার দর্শনার্থী অংশগ্রহণ করেন বলে বিডিনিউজকে জানিয়েছেন বেসিস মহাসচিব ও ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ।

“আমাদের দেশে অনেক সেমিনারে গিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় স্রোতা না থাকার কারণে। কিন্তু এইবার ডিজিটাল ওয়ার্ল্ডের সেমিনারে লোকজনের অসম্ভব আগ্রহ দেখা গেছে। এমনও হয়েছে, অনেকে কারিগরি সেমিনারেও জায়গা পাননি।”- বিডিনিউজকে বলেন মেলার জনসংযোগ ও সংবাদমাধ্যক কমিটির আহ্বায়ক আরিফুল হাসান অপু।

এক্সপোতে ২৫টির অধিক প্রতিষ্ঠান মোবাইলের বিভিন্ন আবিষ্কার প্রদর্শন করেছে।

আয়োজনের শেষ দিনে সিএক্সও সামিটে অংশ নেন সজীব ওয়াজেদ জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অনলাইনে অংশ নিয়ে তিনি বলেন, সরকারি সহযোগিতা ও নানা উদ্যোগেই আজ দেশের তরুণরা তথ্য প্রযুক্তিতে অবদান রাখতে শুরু করেছে।

“বিশ্বের নামিদামি কোম্পানিগুলো এখন বাংলাদেশে অফিস স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। ইতোমধ্যে স্যামসাং, গুগলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে। আইটি খাতকে বিনিয়োগবান্ধব করা হলে বাংলাদেশেও ফেইসবুকের মতো অনেক উদ্ভাবনী আইটি উদ্যোগ আসবে।”

মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, স্কাইপ সহ-প্রতিষ্ঠাতা মর্টেন্ড লুন্ড, সাবেক এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, বেসিস সভাপতি শামীম আহসান, গ্রামীণফোন সিএমও অ্যালেন বঙ্ক, এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, বিসিএস পরিচালক আলী আশফাক এবং  বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ।