জাপানে পাসপোর্ট দেখালেই ফ্রি ওয়াই-ফাই
জাপানে এখন বিদেশি পর্যটকরা পাসপোর্ট ব্যবহার করেই পাবেন বিনামূল্যের ওয়াই-ফাই সুবিধা। দেশটির বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন (NTT) এই সেবাটি নিয়ে এসেছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জাপানে ওয়াই-ফাই নিয়ে বিদেশি পর্যটকরা প্রায়ই ঝামেলায় পড়েন।
পর্যটকদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দেশটির বৃহত্তম টেলিকম প্রতিষ্ঠান এনটিটি। এখন জাপানিজ কোনো এয়ারপোর্টে কোনো ভ্রমণকারী তার পাসপোর্ট দেখিয়ে নিবন্ধন করে বিনামূল্যে নিতে পারবেন ওয়াই-ফাই কার্ড। ওই কার্ড দিয়ে পূর্ব জাপানের ৪৫ হাজার হট স্পটে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন পর্যটকরা।
এই ৪৫ হাজার ওয়াই-ফাই হট স্পটগুলো টোকিও, হাকোনি, ইয়োকোহামা, নাগানো, নিকো, কুসাটসু, টোহোকু, হোক্কাইদো, মাউন্ট ফুজি এবং ফুকুশিমার মতো জনপ্রিয় শহরগুলোতে অবস্থিত।
তবে বিনামূল্যের এই অফারটি শুধু ১৪ দিনের জন্য দেওয়া হবে বলেই জানিয়েছে ম্যাশএবল।
এছাড়াও জাপান ভ্রমণকারীরা ন্যাভিটাইম নামের একটি অ্যাপ ডাউনলোড করে হট স্পট খুঁজে নিতে পারবেন। স্ট্রিট ভিউ-স্টাইলে অ্যাপটি ভ্রমণকারীকে ওয়াই-ফাই হট স্পট অবস্থানের ছবি দেখাবে। যদিও অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণের অ্যাপটি মূলত একটি ভ্রমণ অ্যাপ।
জাপানের সংবাদমাধ্যম নিকেইয়ের তথ্য অনুসারে, এ কর্মসূচিটি যৌথভাবে জাপান সরকারও পরিচালনা করছে। তবে বিনামূল্যের ওই ওয়াই-ফাই সুবিধাটির মেয়াদ এ বছরের সেপ্টেম্বরেই শেষ হয়ে যাবে।
