২৪ ঘন্টা পরপর মেসেজ মুছে দেবে পাথ
ব্যবহারকারীর প্রাইভেসিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের সব মেসেজ মুছে দেবে ব্যক্তিগত সামাজিক যোগাযোগবিষয়ক অ্যাপ্লিকেশন পাথ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুক্রবার পাথ তার ব্যবহারকারীদের অভ্যন্তরীণ এক মেসেজের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানায়।
অভ্যন্তরীণ মেসেজটিতে পাথ লিখেছে, “পাথে মেসেজিং করার সময়টিতে আপনার প্রাইভেসিকে আরও উন্নত করতে জুনের ১১ তারিখ থেকে সব মেসেজ ২৪ ঘণ্টা স্থায়ী থাকবে।”
পাথের সাপোর্ট পেইজে পাথ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। পাথের সাপোর্ট পেইজের ব্যাখ্যা অনুসারে, মেসেজটির অর্থ হচ্ছে পাথের সার্ভার থেকে পাঠানো সব নতুন ও পুরনো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে দেওয়া হবে। তবে সার্ভার থেকে ডাউনলোড করা সব মেসেজ লগ আউট করার আগ পর্যন্ত ব্যবহারকারীর ডিভাইসে থাকবে। এছাড়া আনইনস্টল অথবা নতুন সংস্করণে আপডেটের পরামর্শও দিয়েছে পাথ।
২০১৩ সালে পাথের ব্যবহারকারী ছিল এক কোটি। এই প্রাইভেট সামাজিক যোগাযোগ অ্যাপটি ব্যবহারকারীর কাছের বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তবে, এর বন্ধু তালিকাতেও রয়েছে সীমাবদ্ধতা। বর্তমানে একজন পাথ ব্যবহারকারী ১৫০ জনকে বন্ধু তালিকায় রাখতে পারেন।
