১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনভিডিয়ার সব শেয়ার একসঙ্গে ছেড়ে দিয়েছে সফটব্যাংক

সফটব্যাংকের একজন কর্মী বলেছেন, সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইতে করা বিনিয়োগ তাদের জন্য লাভজনক হয়েছে।

এনভিডিয়ার সব শেয়ার একসঙ্গে ছেড়ে দিয়েছে সফটব্যাংক
আগের বছরের তুলনায় এ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সফটব্যাংকের লাভ প্রায় তিনগুণ হয়েছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

বাজারমূল্যে বিশ্বে যখন সবচেয়ে সফল ও দামি কোম্পানির চূড়ায় এনভিডিয়া, তখনই সেখান থেকে হাত গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল জাপানভিত্তিক বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক।

মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার পুরো শেয়ার বিক্রি করে দিয়েছে জাপানের এই বিনিয়োগ কোম্পানি।

অক্টোবরে ৫৮৩ কোটি ডলারে এই শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন বলেছে, এ অর্থবছরের প্রথমার্ধে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা পাওয়ার পর তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ওয়াশিংটন পোস্ট।

টোকিওভিত্তিক কোম্পানিটি বলেছে, আগের বছরের তুলনায় এ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের লাভ প্রায় তিনগুণ হয়েছে।

একই সময়ে তাদের ছয় মাসের বিক্রি সাত দশমিক সাত শতাংশ বেড়ে হয়েছে তিন দশমিক সাত ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার।

সফটব্যাংকের ভাগ্য সাধারণত ওঠানামা করে। কারণ ভিশন ফান্ড’সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে তারা। তবে সফটব্যাংকের একজন কর্মী বলেছেন, সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইতে করা বিনিয়োগ তাদের জন্য লাভজনক হয়েছে।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনার দিকে মনোযোগ দিচ্ছেন সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সন।

‘আর্ম হোল্ডিংস’ ও ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’তেও বিনিয়োগ রয়েছে সফটব্যাংকের। কম্পিউটার চিপ উৎপাদন ও এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে মুনাফা বেড়েছে এই দুটি কোম্পানির।

সফটব্যাংকের শেয়ার গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার বেড়েছে প্রায় দুই শতাংশ।