ডিজিটাল স্বাক্ষরে প্রযুক্তিমেলার উদ্বোধন
ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে তথ্যপ্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক আসর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বুধবার তথ্যপ্রযুক্তিবিষয়ক উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’ উদ্বোধনকালে তিনি ২০২১ সালের মধ্যে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রফতানি আয় বর্তমানের ১০০ মিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার আশা প্রকাশ করেন।
চার দিনের মেলায় মোবাইল ইনোভেশন, সফটএক্সপো, ই-গভর্ন্যান্স, আইটি জব ফেয়ার, সেমিনার ও কর্মশালাসহ বিভিন্ন আয়োজনের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশে সফটওয়্যার নির্মাতাদের শীর্ষ সংগঠন বেসিস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অগ্রগতির পথের সকল জঞ্জাল ঝেটিয়ে বিদায় করতে হবে।” ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ইতোমধ্যেই উপজেলা পর্যায়ে ই-তথ্য সেবার মাধ্যমে জনগনের দোরগড়ায় নাগরিক সেবা পৌছে দেয়া সম্ভব হয়েছে।
আয়োজনের প্রধান প্রকল্প কর্মকর্তা ও বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ আয়োজনের সঙ্গ সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সহযোগিতা না পেলে এক মাসের কম সময়ে এত বড় মেলা সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হত না।
উদ্বোধনের পর লেজার শোর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সেবা উপস্থাপন করা হয়।
