অবশেষে ইউটিউব তালা খুলল তুরস্কে
সর্বোচ্চ আদালতের আদেশে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের ব্লক উঠিয়ে নিয়েছে তুরস্কের সরকার। ইউটিউব ব্লক ‘বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন’ করে বলে মন্তব্য করেছিল তুরস্কের সর্বোচ্চ আদালত। আদালতের আদেশ মেনে মঙ্গলবার ইউটিউব ব্লক উঠিয়ে নিয়েছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
ইউটিউব ব্লক মঙ্গলবারেই উঠিয়ে নেওয়ার খবর বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রী রিসেপ তাইউইপ এরদোগানের অফিসেরই এক কর্মী। “আদালতের রায় আজই (মঙ্গলবার) আমাদের কাছে পৌঁছেছে। ইউটিউব অ্যাকসেসও খুলে দেওয়া হবে আজ কোনো এক সময়।”-- রয়টার্সকে বলেন ওই কর্মী।
প্রধানমন্ত্রী এরদোগানের ঘনিষ্ট ব্যক্তিদের দুর্নীতিসংশ্লিষ্টতা এবং সিরিয়ায় সামরিক অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের আলাপচারিতার অডিও রেকর্ডিং ইউটিউব ও টুইটারে ছড়িয়ে পড়ার পর দুটি সাইটই ব্লক করে দিয়েছিল তুরস্ক সরকার।
সাইট দুটির বিরুদ্ধে একধিকবার আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নিজেই। টুইটার ও ইউটিউবে প্রকাশিত অডিও রেকর্ডগুলোর প্রকাশ দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা জানান তিনি। তুরস্কে ইউটিউব ব্লক করা হয়েছিল ২৭ মার্চ। আর ৩০ মার্চের জাতীয় নির্বাচনের আবারও জয়ী হয়ে সিংহাসনের দখল বজায় রেখেছেন এরদোগান।
ইউটিউবের ব্লক বেআইনি ঘোষণা করার জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিল তুরস্কের আদালতে। নিম্ন আদালতের রায় সরকারের পক্ষে গেলেও উচ্চতর আদালত ভিডিও শেয়ারিং সাইটটির উপর ব্লক উঠিয়ে নেওয়ার আদেশ দিয়েছিল মে মাসেরই শেষ সপ্তাহে।
