২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস ৮-এর নতুন যত ফিচার

চলতি ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স ২০১৪-তে আইফোন আর অ্যাইপ্যাডের আইওএস অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আইওএস ৮ দেখিয়েছে অ্যাপল। সব মিলিয়ে বলা চলে, মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেমটিকে ওলট-পালট করে একেবারেই নতুন করে সাজিয়েছে মার্কিন এই টেকজায়ান্ট। আইফোনের ইনকামিং কল ম্যাক থেকে রিসিভ করা বা নতুন হেলথ অ্যাপ আর ফ্যামিলি ফটো স্ট্রিম মিলিয়ে আইওএস ৮-এ অ্যাপল নতুন যতো ফিচার যোগ করেছে তা স্মার্টডিভাইসের অপারেটিং সিস্টেমের জগতটা যে আবারও পাল্টাতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 08:31 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

এক নজরে দেখে নেওয়া যাক আইওএস ৮-এর প্রধান ফিচারগুলো:

হ্যান্ডসঅফ: আইওএস ৮ নতুন যতগুলো ফিচার যোগ হয়েছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত ওএস এক্সের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার ফিচারটা। এককথায় বললে ম্যাক কম্পিউটার, আইফোন আর আইপ্যাড মিলিয়ে খানিকটা ‘পার্সোনাল নেটওয়ার্ক অফ ডিভাইসেস’ বানিয়ে নিতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা। আইফোন বা আইপ্যাডটি ম্যাকের কাছাকাছি থাকলেও সেটা চিহ্নিত করতে পারবে ম্যাক কম্পিউটার। কাজের মধ্যেই ডকুমেন্ট পাঠানো যাবে এক ডিভাইস থেকে অন্যটিতে। এই ফিচারটিকে অ্যাপল ব্যাখ্যা দিয়েছে ‘হ্যান্ডসঅফ’ হিসেবে। যেমন আইফোনে মেইল লেখার সময় তা ঠিকই টের পেয়ে যাবে ম্যাকের ওএস এক্স। এরপর ম্যাকের ইমেইল আইকনে ক্লিক করলে সরাসরি আইফোন থেকে ‘ইন-প্রোগ্রেস’ মেসেজটি নিয়ে আসবে ম্যাক, মেইলের বাকিটা লিখে শেষ করা যাবে ম্যাক কম্পিউটারেই।

ইন্সট্যান্ট হটস্পট: ‘টিদারিং-এনাবলড’ আইফোন কাছাকাছি থাকলে তা সঙ্গে সঙ্গেই চিহ্নিত করে ফেলবে ‘ইন্সট্যান্ট হটস্পট’ ফিচারটি। ওয়াইফাই সংযোগ না থাকলেও সমস্যা নেই, আইফোনে ডেটা কানেকশন চালু থাকলেই তৈরি হয়ে যাবে ইন্সট্যান্ট হটস্পট, স্মার্টফোনটি পকেট থেকে বের করারও প্রয়োজন পড়বে না।

এসএমএস, ইনকামিং-আউটগোয়িং কল: ইনকামিং মেসেজ অন্য অ্যাপল ডিভাইসেও পাঠিয়ে দেবে আইওএস ৮। আইফোনে আইমেসেজ ব্যবহারের মতোই আইপ্যাড বা ম্যাকবুক থেকেও পড়া যাবে এবং পাঠানো যাবে মেসেজগুলো।

শুধু মেসেজই নয় ওএস এক্স থেকে ইনকামিং-আইটগোয়িং ফোন কলও করতে পারবেন ব্যহারকারী। এ ক্ষেত্রে ফোন কলটি যাবে আইফোনের মাধ্যমেই, ম্যাকবুকটি কাজ করবে স্পিকারফোন হিসেবে।

ইনলাইন অ্যাকশন/রিপ্লাই: নতুন মেসেজের নোটিফিকেশান আসলে, নোটিফিকেশান বার থেকেই সোয়াইপ ডাউন করে সরাসরি মেসেজের উত্তর দিতে পারবেন ব্যবহারকারী। কেবল মেসেজের ক্ষেত্রেই সিমাবদ্ধ থাকছে না নতুন ফিচারটি। যেমন ইভেন্ট ইনভাইটেশন অ্যালার্ট আসলে যা অ্যাক্সেপ্ট বা ডিলিট করা যাবে ক্যালেন্ডার না খুলেই। লকড থাকলেও অ্যালান্টগুলো চলে আসবে স্ক্রিনে।

ফেভারিট পিপল: অ্যাপ সুইচার স্ক্রিনেই থেকে কুইক অ্যাকসেসের মাধ্যমে দেখা নেওয়া যাবে যে কন্ট্যাক্ট নম্বরগুলোতে সর্বশেষ যোগাযোগ করা হয়েছে সেই নম্বরগুলো। 

ট্যাব ভিউ: সাফারি ব্রাউজারেরও যোগ হয়েছে নতুন ট্যাব ভিউ ফিচার। প্রচলিত ট্যাব ভিউয়ে স্ক্রিনের উপরে দেখা যায় সবগুলো ট্যাব । নতুন ফিচারটিতে প্রতিটি সাইটের যতোগুলো ট্যাব খোলা হয়েছে তা থাম্বনেইল হিসেবে দেখা যাবে।  

মেইল: মেইলেও নতুন ফিচার যোগ করেছে অ্যাপল। একবার সোয়াইপ করেই ফ্ল্যাগ বা ডিলিট করে দেওয়া যাবে মেইল। যেমন বামে সোয়াইপ করলে সরাসরি ট্র্যাশে চলে যাবে মেইলটি।

কুইকটাইপ: আইওএস কিবোর্ডের নতুন কুইকটাইপ ফিচার পুরো শব্দ বা বাক্য লেখার আগেই বুঝে নেওয়ার চেষ্টা করবে ব্যবহারকারী কী লিখতে চাইছেন। কুইকটাইপ ফিচারটিকে ‘কনটেক্সট সেনসিটিভ’ বলে ব্যখ্যা দিয়েছে প্রযুক্তি বিসয়ক সাইট টেকক্রাঞ্চ। ইনকামিং মেসেজের প্রশ্ন থেকে সম্ভাব্য উত্তর কি হতে পারে তা সেটা নিয়ে পরামর্শ আসবে ব্যবহারকারীর কাছে। এক ট্যাপেই সাজেশন থেকে পাঠানো যাবে মেসেজের উত্তর।

কুইকটাইপ ছাড়াও আইওএস ৮-এর মেসেঞ্জোর অ্যাপে যোগ হয়েছে নতুন গ্রুপ মেসেজিং ফিচার, তৈরি করা যাবে নতুন থ্রেড, রিনেইমও করা যাবে সেটি, ইচ্ছে মতো যোগ করা যাবে বা বাদ দেওয়া যাবে থ্রেডে অংশগ্রহনকারীদের, আর বিরক্ত হলে চালু করে দেওয়া যাবে ‘ডু নট ডিস্টার্ব মি’ মোড।

ট্যাপ টু টক: মেসেঞ্জার থেকে দ্রুত ভয়েস মেসেজ পাঠাতে আইওএস ৮-এ ট্যাপ টু টক ফিচার এনেছে অ্যাপল। রেকর্ড বাটন ট্যাপ করে ধরে রেখে কথা বলতে হবে। তারপর উপরে সোয়াইপ করলে সরাসরি চলে যাবে মেসেজটি।

ভিআইপি ইমেইল থ্রেড: গুরুত্বপূর্ণ কোনো ইমেইলের অপেক্ষায় থাকলে ‘ভিআইপি ইমেইল থ্রেড’ তৈরি করতে পারবেন ব্যবহারকারী। ওই থ্রেডে কোনো মেইল আসলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান চলে আসবে হোমস্ক্রিনে।

হেলথকিট: আইওএস ৮-এর মাধ্যম প্রচলিত সবগুলো হেলথ অ্যাপের সেবা ও সুবিধা নিজস্ব হেলথ অ্যাপে নিয়ে এসেছে অ্যাপল।

ফ্যামিলি শেয়ারিং: কন্ট্যাক্ট লিস্টের ৬ জনকে মার্ক করে রাখা যাবে ‘ফ্যামিলি’ হিসেবে। মার্ক করা ওই ছয়জনের সঙ্গে মেয়ার করা যাবে ফ্যামিলি ক্যালেন্ডার এবং ফটোস্ট্রিম।

শেয়ার্ড পারচেজ: পয়সা খরচ করে কেনা অ্যাপ, মিউজিক বা মুভি উপভোগের সুযোগ পাবেন মার্ক করা ওই ছয় ‘ফ্যামিলি’ সদস্য। ঝামেলা একটাই ছয় জনকেই ব্যবহার করতে হবে একই ক্রেডিট কার্ড। তবে এই ফিচারটি সবচেয়ে খুশি হবেন অভিভাবকরাই। বাচ্চারা কোনো অ্যাপ কিনতে চাইলে অভিভাবকদের ‘পার্চেজ রিকোয়েস্ট’ পাঠাতে পারবে তারা। এতে বাচ্চারা অনলাইনে কোন ধরনের পণ্য ও সেবার সংস্পর্শে আসছে সেদিকে নজরদারি করতে পারবেন অভিভাবকরা।

অ্যাপ বান্ডল ও কাস্টম কিবোর্ড: এখন থেকে “অ্যাপ বান্ডল” বিক্রি করতে পারবেন ডেভেলপাররা। এ ছাড়াও থার্ড পার্টি কিবোর্ডও ব্যবহার করা যাবে আইওএস ৮-এ।

থার্ড পার্টি অ্যাডে টাচ-আইডি: থার্ড পার্টি অ্যাপে টাচআইডি আর ফিঙ্গারপ্রিন্টভিত্তিক লগ-ইন ফিচার ব্যবহার করা যাবে। এই সেবাটি নিরাপদ করে তৈরি করতে লম্বা সময় লেগেছে বলেই দাবি করেছে অ্যাপল।

হোমকিট: হোম অটোমেশন পণ্য নিয়ে অ্যাপল যে আট-ঘাট বেঁধে মাঠে নামছে তারই প্রমাণ হোমকিট। ঘরের বাতি থেকে শুরু বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের অ্যাপ থেকেই। হোম অটোমেশন প্রযুক্তির ব্যবহার সহজ করে দেবে অ্যাপলের হোমকিট।