স্যামসাংয়ে তারহীন চার্জিং
ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের শীর্ষ চারটি স্মার্টফোন ওয়্যারলেস চার্জিংয়ের নতুন প্রযুক্তি নিয়ে এসেছে ‘লুক্সাটু(Luxa2) ওয়্যারলেস চার্জিং রিসিভার’ স্টিকার নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য নির্মাতা থার্মালটেকের অঙ্গ প্রতিষ্ঠান লুক্সাটু। স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রি, এস ফোর, নোট টু এবং নোট থ্রি এই চারটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে লুক্সাটুর ওয়্যারলেস চার্জিং স্টিকার।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এর মধ্যেই বিভিন্ন অনলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে লুক্সাটুর ওয়্যারলেস চার্জিং স্টিকারের। নোকিয়ার লুমিয়া ছাড়া বাজারের আর কোনো স্মার্টফোন নির্মাতাই নিজেদের পণ্যে ডিফল্ট হিসেবে ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করেনি। স্যামসাংয়ের ক্ষেত্রে এই সমস্যার খানিকটা হলেও সমাধান করতে পারবে লুক্সাটুর প্রযুক্তি।
গ্যালাক্সি এসথ্রি, এস ফোর, নোট টু এবং নোট থ্রি এই চারটি স্মার্টফোনের জন্য লুক্সাটু ওয়্যারলেন চার্জিং স্টিকারের আছে চারটি আলাদা মডেল। স্টিকারগুলো কেনার সময় খেয়াল রাখতে হবে ঠিক মডেলের জন্য ঠিক ঠিক স্টিকারটি কেনা হচ্ছে কি না। ব্যাটারির উপর সোজাসোজি লাগিয়ে দিতে হবে স্টিকারগুলো। ব্যাস ওয়্যারলেস চার্জিং ব্যাংক থেকে চার্জ হওয়া শুরু করবে ব্যাটারিগুলো।
লুক্সাটুর এই প্রযুক্তি কেবল চারটি গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে কাজ করার মূল কারণ, চারটি স্মার্টফোনেই বিল্টইন হিসেবে আছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। কিন্তু স্যামসাং স্মার্টফোনগুলো ওয়্যারলেস চার্জিং কভারসহ বিক্রি করে না, বরং কাভারগুলো বিক্রি হয় আলাদা।
সিনেটের প্রতিবেদন অনুযায়ী, লুক্সাটুর ওয়্যারলেস চার্জিং স্টিকার ব্যবহারের নেতিবাচক দিকও আছে একটা। ওই স্টকার ব্যবিহার করে চার্জিংয়ের সময় কাজ করে না গ্যালাক্সি এসথ্রি, এস ফোর এবং নোট থ্রির স্মার্টফোনগুলোর এনএফসি সংযোগ। কেবল নোট টুর এনএফসি সংযোগ কাজ করেছে স্টিকার ব্যবহার করে ওয়্যারলেস চার্জিংয়ের সময়ও।
