২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনের আগেই মেসেজ আভাস কেসিংয়ে

মেসেজ বা কল আসলে তা আইফোন স্ক্রিনে ভেসে উঠার আগেই ব্যবহারকারীকে জানিয়ে দেবে আইফোন কেস। ভিন্নধর্মী এই কেসিং-এর নাম দেয়া হয়েছে লুনেকেস। লুনেকেস আইফোনে ব্যবহার করলে ব্যবহারকারী ফোন সাইলেন্ট মোড বা উল্টিয়ে রাখলেও কল বা মেসেজ আসলে টের পাবেন বলেই দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:01 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ইউক্রেইনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান কনসেপ্টার অভিনব এই কেসিংটি তৈরি করেছে।

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, কল বা মেসেজ আসলে কেসিংয়ে ব্যবহৃত ইলেকট্রোম্যাগনেটিক শক্তি স্বয়ংক্রিয়ভাবে এলইডি নোটিফিকেশন চালু করে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। এ প্রসঙ্গে কনসেপ্টরের সিএফও ওলেগ ভিনোকুর বলেছেন, “আমরা খুব সহজেই কল বা নোটিফিকেশন মিস করে থাকি, আমাদের প্রযুক্তির সাহায্যে আপনি সেগুলো দেখতে পারবেন, এটি খুবই ভিজুয়াল।”

লুনেকেস আইফোনে ফোন বা মেসেজ আসার সময় যে নেটওয়ার্ক তরঙ্গ সৃষ্টি হয় তা থেকে শক্তি সংগ্রহ করে। ফলে এটির জন্য আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই, শুধু কেসিংটি ফোনে পরালেই এটি চলবে বলেই জানিয়েছে ম্যাশএবল। নেটওয়ার্ক তরঙ্গ থেকে শক্তি সংগ্রহ করায় এটি আইফোনের ব্যাটারি চার্জ বা যোগাযোগ গতিতে বাধা তৈরি করবে না।

বর্তমানে শুধু আইফোন ৫, ৫এস এবং ৫সি-এর জন্যই বিশেষ এ কেসিংটি তৈরি হয়েছে। এ বছরের অগাস্টেই লুনেকেস রপ্তানি শুরু হবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে ম্যাশএবল।