অ্যামাজন প্রাইমে যোগ হচ্ছে মিউজিক স্ট্রিমিং
টিভি শো এবং নির্বাচিত সিনেমা দেখানোর পাশাপাশি মিউজিক স্ট্রিমিং সেবাও যোগ হতে যাচ্ছে অ্যামাজনের প্রাইমে। ধারণা করা হচ্ছে, টেক জায়ান্ট অ্যাপল, ওয়েব জায়ান্ট গুগল এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে বাজার লড়াইয়ে নামতেই রিটেইল জায়ান্ট অ্যামাজনের এ উদ্যোগ।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, অ্যামাজন তাদের প্রাইম সেবায় জুন-জুলাইয়ের মধ্যেই মিউজিক স্ট্রিমিং সেবা যোগ করবে।
বর্তমানে আইটিউনস রেডিও, স্পটিফাই, প্যানডোরা মিউজিক স্ট্রিমিং সেবা দিচ্ছে। সম্প্রতি অ্যাপল তিনশ’ কোটি ডলারে কিনেছে হেডফোন ও স্পিকার নির্মাতা প্রতিষ্ঠান বিটস। বিটসকে মিউজিক স্ট্রিমিং সেবায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
সিএনএন এর তথ্য অনুসারে, প্রাইম শুধু ছয় মাস বা তার চেয়ে বেশি পুরোনো অ্যালবামের গানগুলোই স্ট্রিম করবে। প্রতিষ্ঠালগ্ন থেকে নয় বছরে অ্যামাজন প্রাইমের গ্রাহক চার্জ না বাড়ালেও এ বছর মার্চে অ্যামাজন প্রাইম সেবার চার্জ ২০ ডলার বাড়িয়েছে। কিন্তু তা স্বত্ত্বেও শুধু সেবার কারণে অ্যামাজনের অধিকাংশ ব্যবহারকারীই প্রাইমকে ওয়েবের ‘সেরা ডিল’ বলে মনে করে থাকেন।
মিউজিক স্ট্রিমিং সেবা সম্পর্কে অ্যামাজন তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি বলেই প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
