স্যামসাংয়ের নতুন হেলথ ট্র্যাকার
পরিধানযোগ্য বা ওয়্যারএবল ডিভাইসের বাজারে আধিপত্য দখলের দৌঁড়ে এগিয়ে থাকতে এবার নতুন হেলথ ট্র্যাকার রিস্টব্যান্ড ‘সিমব্যান্ড’ নিয়ে এসেছে স্যামসাং। বুধবার স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘ভয়েস অফ দ্য বডি’ ইভেন্টে প্রথমবারের মতো ডিভাইসটি দেখিয়েছে দক্ষিণ কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ত্বকের উপর বিভিন্ন দৈর্ঘ্যের আলোক তরঙ্গের প্রতিফলন থেকে পাওয়া তথ্যের মাধ্যমে ব্যবহারকারীর রক্তচাপ, হৃদস্পর্দন, রক্তের কার্বন-ডাই-অক্সাইড, শ্বাসক্রিয়ার উপর নজর রাখবে সিমব্যান্ড।
নতুন ওপেন সফটওয়্যার প্লাটফর্ম ‘স্যামসাং আর্কিটেকচার মাল্টিমোডাল ইন্টার্যাকশন (সামি)-কেন্দ্র করে তৈনি হয়েছে ডিভাইসটি। স্যান ফ্র্যান্সিসকোর ওই ইভেন্টে ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীর হৃদস্পন্দনের রিয়াল টাইম ডেটা পাওয়ার ডেমো দেখিয়েছে স্যামসাং। ডিভাইসটি চলবে ‘শাটল ব্যাটারি’-তে। ২৪ ঘণ্টা হাতে পরে থাকা যাবে এটি, চার্জ হবে ব্যবহারকারী ঘুমিয়ে থাকালে।
স্যামসাং সামির ব্যাখ্যা দিয়েছে “one health platform to rule them all” বলে। স্যামসাংয়ের নয় এমন প্লাটফর্ম থেকেও তথ্য সংগ্রহ করতে পারবে সামি। বছরের শেষেই সামি এপিআই ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিমব্যান্ড দেখালেও এর দাম কত হবে বা কবে নাগাদ বাজারে কিনতে পাওয়া যাবে সে ব্যাপারে কিছু জানায়নি স্যামসাং। এদিকে প্রতিদ্বন্দ্বী অ্যাপল নতুন হেলথ-ট্র্যাকিং প্লাটফর্ম ‘হেলথবুক’ দেখাবে জুনের প্রথম সপ্তাহেই। তাই নতুন প্রজন্মের ওয়্যারেবল হেলথ-ডিভাইসের বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে স্যামসাং যে উঠেপড়ে লেগেছে-- তা আর বলার অপক্ষো রাখে না।
