২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকারবার্গকে ইরান আদালতে তলব

সাক্ষ্য দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ইরানের আদালতে তলব করা হয়েছে। ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের বিরুদ্ধে আসা প্রাইভেসি অভিযোগের জবাব দেবার জন্যই জাকারবার্গকে আদলতে উপস্থিত হতে বলেছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:48 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিচারক জাকারবার্গকে তলব করার পাশাপাশি ইরানিয়ান সরকারকে ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্লক করার নির্দেশও দিয়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আদালতের এই তলব প্রসঙ্গে ইরানিয়ান ইন্টারনেট কর্মকর্তা রুহোল্লাহ মোমেন-নাসাব বলেছেন, “হয় ফেইসবুক প্রতিষ্ঠানের ইহুদিপন্থী পরিচালক নয়তো প্রাতিষ্ঠানটির আইনজীবীকে অবশ্যই আদালতে আত্মপক্ষ সমর্থন ও সম্ভাব্য ক্ষতিপূরণের জন্য উপস্থিত হতে হবে।”

তবে জাকারবার্গের ইরানের আদালতে উপস্থিত হবার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র কখনই অভিযুক্ত কোনো মার্কিনি নাগরিককে অন্য দেশে পাঠাবে না বলেই জানিয়েছে ম্যাশএবল।

কয়েক সপ্তাহ ধরেই হোয়াটসঅ্যাপকে টার্গেট করেছে ইরানিয়ান সরকার। মে মাসের শুরুর দিকে অপরাধী ওয়েব কন্টেন্ট বিষয়ক ইরানি এক সরকারি কমিটি জানিয়েছিল, তারা মোবাইল চ্যাটিংয়ের এই অ্যাপটি বন্ধ করতে চাচ্ছে। এমনকি সে সময় কমিটিটির সচিব আব্দুলসামাদ খোররামাবাদী জাকারবার্গকে ‘ইহুদিপন্থী মার্কিন’ হিসেবেও অভিহিত করেছিলেন।

কিন্তু ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি সে সময় সেবাটি বন্ধ করতে দেননি। রোহানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা পশ্চিমের প্রতি আরও উদার হবেন এবং অনলাইন কড়াকড়ি শিথিল করবেন। তবে রোহানির প্রতিশ্রুতি স্বত্ত্বেও ওয়েব জায়ান্ট গুগলের অনেকগুলো সাইটসহ, মোবাইল চ্যাট অ্যাপ ‘উইচ্যাট’ এবং এনক্রিপ্টেড অনলাইন চ্যাট সেবাদাতা ‘ক্রিপ্টোক্যাট’ বন্ধ করে দিয়েছে ইরান।

দেশটিতে অনেক আগে থেকেই ফেইসবুক, ইউটিউব এবং টুইটার বন্ধ রাখা হয়েছে। এ ব্লকের মাধ্যমে পশ্চিমা বিশ্বভিত্তিক শেষ সামাজিক প্লাটফর্মটিও দেশটিতে বন্ধ হয়ে যাবে। এর কিছুদিন আগেই ভিন্ন এক আদালত দেশটিতে ইন্সটাগ্রামের কার্যপক্রম সীমিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিল।

তবে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর নেতা আয়াতোল্লাহ আলি খামিনি, প্রেসিডেন্ট রোহানি এবং অন্যান্য সরকারি নেতা সামাজিক মাধ্যম টুইটার, ফেইসবুক এবং ইন্সটাগ্রামে সক্রিয় বলেই জানিয়েছে ম্যাশএবল।