চীনে প্লেস্টেশনের অভিষেক
চীনের বাজারে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় গেইমিং কনসোল প্লেস্টেশনের। পশ্চিমা গেইমিং কনসোলের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর চীনের বাজারে গেইমিং কনসোলটি বিক্রি শুরু করতে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান সাংহাই ওরিয়েন্টাল পার্লের সঙ্গে চুক্তিতে এসেছে শীর্ষ জাপানিজ গেইমিং কনসোল নির্মাতা সনি।
এক প্রতিবেদনে স্কাইনিউজ জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে সাংহাইয়ের ফ্রি-ট্রেড জোনে দুটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবে সনি ও সাংহাই ওরিয়েন্টাল পার্ল। প্রতিষ্ঠানদুটির উপর সনির মালিকানা থাকবে ৪৯ শতাংশ এবং ৭০ শতাংশ।
২০১৩ সালের সেপ্টেম্বরে বৈদেশিক বিনিয়োগের উপর কড়াকড়ি শিথিল করার আশ্বাস দিয়ে সাংহাইয়ে ফ্রি-ট্রেড জোন চালু করেছিল চীন। তারই অংশ হিসেবে গেইমিং কনসোলের উপর দীর্ঘ ১৪ বছরের নিষেধাজ্ঞা চীন সরকার উঠিয়ে নেয় ২০১৪ সালের জানুয়ারি মাসে।
তবে চীনের বাজারে সনিই প্রথম নয়। এর মধ্যেই দেশটির বাজারে অংশগ্রহণ নিশ্চিত করেছে গেইমিং জগতে সনির শীর্ষ প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি এক্সবক্স ওয়ান গেইমিং কনসোল চীনের বাজারে বিক্রি শুরু হবে এ বছরেরই সেপ্টেম্বর মাসে। মাইক্রোসফট চীনের বেস্টটিভি নিউ মিডিয়ার সঙ্গে জোট বেঁধে এক্সবক্স বিক্রির ঘোষণা দিয়েছে এপ্রিল মাসেই।
সনি বিশ্ববাজারে ৭০ লাখ প্লেস্টেশন ফোর বিক্রি হয়েছে বলে ঘোষণা দিয়েছিল ওই এপ্রিল মাসেই। তবে গেইমিং কনসোল আর স্মার্টফোনের বাজারে সাফল্য পেলেও সব মিলিয়ে লোকসানের মধ্যেই আছে সনি। মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ আর্থিক বছরে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১২৬ কোটি ডলার।
