স্ট্রিমিং জনপ্রিয়তায় কমছে ডাউনলোড
মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাহায্যে গান বিক্রি প্রতিনিয়তই জনপ্রিয় হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের তথ্য অনুসারে, ডাউনলোডের হার এখন নিম্নমুখী।
এক প্রতিবেদনে স্কাইনিউজ জানিয়েছে, মিউজিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাইয়ের বৈশ্বিক অর্থ প্রদানকারী সাবস্ক্রাইবারের সংখ্যা এ সপ্তাহেই এক কোটিতে পৌঁছেছে।
পাইরেসি ঠেকাতে গানের এই ডিজিটাল বিক্রির প্রথাটি সর্বপ্রথম শুরু করেছিল টেক জায়ান্ট অ্যাপল। আইটিউনসের মাধ্যমে বছর দশেক আগেই প্রতিষ্ঠানটি নতুন ধরনের এ সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল বিশ্ববাসীকে। আর এখন বলা চলে ডাউনলোড আর গানের ডিজিটাল বিক্রির মধ্যে চলছে এক ভার্চুয়াল লড়াই।
ডাউনলোডের হার নিম্নমুখী হওয়া প্রসঙ্গে মাইক্রোসফট ভেনচার্সের প্রধান নির্বাহী রাহুল সুদ জানিয়েছেন, তার বিশ্বাস সময়ের স্রোতে এর জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে। আর মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, “বিষয়টি সঠিক সময়ে সঠিক স্থানে থাকার মতো, এ কারণেই এ ধরনের প্রতিষ্ঠান দ্রুত আকর্ষন পেয়েছে।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, সামাজিক প্ল্যাটফর্মগুলো মানুষের গান শোনার অভ্যাসের গুরুত্বপূর্ণ একটি অংশে পরিণত হচ্ছে।
স্ট্রিমিং এবং ডাউনলোডের এই লড়াইয়ের প্রভাব দেখা গেছে, কোল্ডপ্লে’র নতুন অ্যালবাম ঘিরেও। যুক্তরাজ্যে বছরের সবচেয়ে দ্রুত বিক্রিত এ অ্যালবামটি সবার প্রথমে অ্যাপলের আইটিউনসেই ছাড়া হয়েছিল।
বিষয়টি নিয়ে সিনেটের লুক ওয়েস্টাওয়ে জানিয়েছেন, দেখে মনে হচ্ছে ভবিষ্যতে ডাউনলোডের পরিমাণ আরও অনেক কমে আসবে।
