২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজাবিষয়ক গেইম মুছে দিলো অ্যাপল

আইটিউনস স্টোরে ডাউনলোডের শীর্ষে থাকা গেইম মুছে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। গেইমারকে গাঁজা বিক্রেতার ভূমিকায় খেলতে হতো এ গেইমটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:35 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, আইটিউনসের পাশাপাশি ওয়েব জায়ান্ট গুগলের অ্যাপ স্টোর থেকেও মুছে দেয়া হয়েছে গেইমটি।

উইড ফার্ম নামের ওই গেইমটিতে গেইমারকে অপরাধীর চরিত্রে খেলতে হতো। গেইমারকে গাঁজা উৎপাদন করে তা বিক্রি করে আগাতে হতো গেইমটিতে। এ ছাড়াও বিভিন্ন ধরনের টাস্ক দেয়া হতো গেইমারকে।

অ্যাপল কেন গেইমটি অ্যাপ স্টোর থেকে মুছে দিয়েছে সে ব্যাপারে কিছুই জানে না গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান মানিটোবা গেইমস। অ্যাপলও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সিএনএন। এক বিবৃতিতে মানিটোবা গেইমস বলেছে, “আমরা ধারণা করছি, একটু বেশি মাত্রায় ভালো এবং সব ক্যাটাগরিতেই গেইমটির শীর্ষে থাকাটাই হয়তো সমস্যা ছিল।”

তবে মানিটোবা গেইমসের তথ্য অনুসারে, উইড ফার্ম গেইমটিতে কিছু পরিবর্তন করে আবারও তা আইটিউনসে ফেরত নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

অন্যদিকে গুগলের অ্যাপ স্টোর গুগল প্লে থেকে গেইমটি মুছে দেয়ার কারণ হিসেবে নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেইমটির প্রকাশকের সঙ্গে সমস্যা হবার কারণে এমনটা হয়েছে, গুগলের সঙ্গে তাদের কোনো সমস্যা হয়নি। নতুন প্রকাশকের সাহায্যে গেইমটি আবারও গুগল প্লে’তে আপলোড করার প্রত্যাশা করছেন বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।