২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডি ট্যাবলেট বানাচ্ছে গুগল

থ্রিডি ছবি ধারণে সক্ষম এমন ট্যাবলেট উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির থ্রিডি ট্যাবলেটটি জুনের শেষে অনুষ্ঠিতব্য গুগলের বার্ষিক সম্মেলনে দেখানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:33 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিষ্ঠানটির ঘনিষ্ট সূত্রে জানা গেছে জুন মাসেই গুগল চার হাজার থ্রিডি ট্যাবলেট ডিভাইস উৎপাদন করবে।

তথ্য অনুসারে, নতুন এ ট্যাবলেটটিতে দুটি রিয়ার-ফেসিং ক্যামেরা এবং অ্যাডভান্সড ইমেজিং সফটওয়্যার থাকবে। এছাড়াও ট্যাবলেটটি ইনফ্রারেড সেন্সর প্রযুক্তির সাহায্যে পার্শ্ববর্তী বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ পরিমাপ করবে।

যেহেতু ছোট ডিভাইসে থ্রিডি ছবি ধারণ নতুন কোনোকিছু নয়, সেহেতু গুগল তাদের নতুন এ ডিভাইসের প্রযুক্তিতে ম্যাপিংয়ের বিষয়টি যোগ করবে বলেই জানিয়েছে বিবিসি। উদাহরণ হিসেবে বলা যায়, ডিভাইসটি দ্রুত অভ্যন্তরীণ কোনো স্থানের থ্রিডি ম্যাপ তৈরিতে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

অন্যদিকে আইএইচএসের বিশ্লেষক জ্যাক কেন্ট জানিয়েছেন, বিগত কয়েক বছরে বেশকিছু থ্রিডি ছবি তৈরি এবং প্রদর্শনে সক্ষম ডিভাইস বাজারে এসেছে এবং গ্রাহক চাহিদার অভাবের কারণে পণ্যগুলো মুখ থুবড়ে পড়েছে। তবে গুগল যদি সত্যিই এ বিষয়ে অগ্রসর হয়, তবে তা বাজারের গতিশীলতা পরিবর্তন করতে পারে।     

কিন্তু এ বিষয়ে গুগল জানিয়েছে, তারা গুজব এবং জল্পনা কল্পনার উপর কোনো মন্তব্য করবে না।