প্রথম মার্কিন টিভি সাক্ষাৎকারে স্নোডেন
প্রথমবারের মতো কোনো মার্কিন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। স্নোডেনের সাক্ষাৎকারটি নিয়েছেন টিভি চ্যানেল এনবিসির সংবাদপাঠক ব্রায়ান উইলিয়ামস। ২৮ মে স্থানীয় সময় রাত ১০টায় প্রচারিত হবে সাক্ষাৎকারটি।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, স্নোডেনের সাক্ষাৎকারটি নেওয়ার জন্য মস্কোতে যেতে হয়েছিল উইলিয়ামসকে।
২০১৩ সালের শুরুর দিকেই দেশি-বিদেশি নাগরিক এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ন ও প্রভাবশালী ব্যক্তিদের উপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর অনৈতিক গুপ্তচরবৃত্তির নথি ফাঁস করে দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের রোষের মুখে পড়েন স্নোডেন। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তিনি।
স্নোডেনের বিদেশ যাত্রা ঠেকাতে তার পাসপোর্টও বাতিল করেছে মার্কিন সরকার।
তবে সমালোচনার মুখে পড়েও নিরাপত্তার অজুহাত তুলে ওয়ারেন্ট ছাড়া গুপ্তচরবৃত্তির পক্ষের অবস্থান থেকে নড়েননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং সামরিক কর্মকর্তারা। তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে ব্যক্তিস্বাধীনতাবাদীরা এবং একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান।
