বন্ধ হতে পারে প্রথম গেইম ম্যাগাজিন
বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের প্রথম ভিডিও গেইমনির্ভর ম্যাগাজিন ‘কম্পিউটার অ্যান্ড ভিডিও গেইম’ (সিভিজি)।
যুক্তরাজ্যভিত্তিক এ ম্যাগাজিনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮১ সালে। ১৯৯৯ সালে ম্যাগাজিনটির অনলাইন সংস্করণ চালু করা হয়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি সূত্রের বরাতে জানিয়েছে, ১৪ মে থেকে শুরু হওয়া আলোচনাসভার সময় শেষে ম্যাগাজিনটির প্রকাশনা বন্ধ করে দেয়া হতে পারে।
তবে এটিও ধারণা করা হচ্ছে, এর প্রকাশনা সংস্থা ‘ফিউচার’ ম্যাগাজিনের ব্র্যান্ডটি বিক্রিও করে দিতে পারেন। এক বিবৃতিতে প্রকাশনা সংস্থা ফিউচার বলেছে, “সফলভাবে গ্রাহকদের চাহিদা পূরণে আমরা বর্তমানে সিভিজি ব্র্যান্ডটিকে বিশেষ এবং বাজার প্রতিনিধিত্বকারী ফিউচার গেইমস পোর্টফোলিওর ক্ষেত্রে ভিন্নমাত্রায় নিয়ে যেতে বিভিন্ন অপশন পর্যালোচনা করছি।”
১৯৮১ সালের নভেম্বরে প্রথম বাজারে আসে এ ম্যাগাজিনটি। সম্পূর্ণ ওয়েবসাইটনির্ভর করতে ২০০৪ সালে মুদ্রণ বন্ধ করে দিয়েছিল প্রকাশনা প্রতিষ্ঠানটি।
২০০৮ সালে পুনরায় মুদ্রণ শুরু করলেও ২০০৯ সালে আবারও বন্ধ করে দেওয়া হয় ম্যাগাজিনটি।
গেইমসরাডার এবং পিসি গেইমারের মতো খ্যাতনামা গেইমিং ব্র্যান্ডেরও ম্যাগাজিনটির প্রকাশনা সংস্থা ফিউচার। এছাড়া সম্প্রতি কোটাকু ইউকে নামে একটি গেইম সাইটও লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। সিভিজি প্রসঙ্গে প্রাক্তন গেইমসমাস্টার উপস্থাপক বলেছেন, “সিভিজি প্রকাশিত হবার পর ভিডিও গেইমের সবকিছুই বদলে গিয়েছিল।”
