ফেইসবুক অ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার
ব্যবহারকারীরা যেসব গান, সিনেমা বা টিভি অনুষ্ঠান উপভোগ করছেন তা জানার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক মোবাইল অ্যাপে যোগ করতে যাচ্ছে নতুন প্রযুক্তি। পরবর্তীতে এগুলো শেয়ারও করা যাবে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এক পোস্টের মাধ্যমে বুধবার ফেইসবুক এ বিষয়টি নিজস্ব অফিশিয়াল ব্লগে জানিয়েছে।
নতুন এ ফিচারটি বাই ডিফল্ট বন্ধ থাকবে। সেবাটি ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদেরই ফিচারটি অ্যাক্টিভেট করে নিতে হবে। ফিচার চালু করা থাকলে একটি স্ট্যাটাস আপডেট হবে সাইটটিতে এবং যে গান শুনছেন তার বন্ধুদের জন্য ৩০ সেকেন্ডের প্রিভিউ দেওয়া হবে।
ফেইসবুক মিউজিক প্রিভিউ দেওয়ার লক্ষ্যে বর্তমানে মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই, আরডিও এবং ডিজারের সঙ্গে কাজ করছে। অন্যদিকে ব্যবহারকারীরা যে টিভি অনুষ্ঠান দেখছেন তা চিহ্নিত করলে ফেইসবুক নির্দিষ্ট সিজন এবং পর্বটি সম্পর্কে হাইলাইট করবে এবং সেটি ঐ ব্যবহারকারীদের নিউজ ফিডে শেয়ার করবে।
এই নতুন ফিচারটি অনেকটাই জনপ্রিয় শ্যাজাম অ্যাপের মতো কাজ করবে। ফিচারটি স্মার্টফোনের মাইক্রোফোন চালু করে পেছনের শব্দ থেকে গান, সিনেমা বা টিভি অনুষ্ঠান চিহ্নিত করবে। তবে ব্যক্তিগত কোনো শব্দ ফেইসবুক সংগ্রহে রাখবে না বলেই জানিয়েছে।
ফেইসবুক মোবাইল অ্যাপের নতুন এ ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
