গুগল গ্লাস নিয়ে গুগলের সতর্কবাণী!
নিজস্ব পরিধেয় পণ্য গুগল গ্লাস সম্পর্কে ব্যবহারকারীদের সতর্কবাণী জানিয়েছে স্বয়ং গুগল। দীর্ঘসময় গ্লাসটি পরে থাকলে চোখ ব্যথা হতে পারে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
গুগল আরও জানিয়েছে, তারা কোনো বই পড়ার জন্য গ্লাসটি তৈরি করেনি। ব্যবহারকারীর সঙ্গে খাপ খেতে পরিধেয় পণ্যটি সময় নেবে বলেও জানিয়েছে গুগল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পরিধেয় পণ্যটি নিয়ে কিছু অভিযোগ পাবার পরপরই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সতর্কবাণীটি জানানো হয়েছে।
গুগলের চোখ বিশেষজ্ঞ ডক্টর ইলি পেলি এ বিষয়ে জানিয়েছেন, সমস্যাটির কারণ প্রযুক্তিটির অবস্থান। অবস্থানগত কারণে গ্লাসটি ব্যবহারকারীকে উপরের দিকে তাকাতে বাধ্য করে। গুগলের তথ্য অনুসারে খুব কম গুগল গ্লাস ব্যবহারকারীই এ সমস্যার শিকার হয়েছেন। এছাড়া ডক্টর পেলি জানিয়েছেন, চোখের এ ব্যথা সাধারণত এক সপ্তাহ স্থায়ী হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, “প্রথমবার যখন কেউ গ্লাস ব্যবহার শুরু করেন তখন তা ব্যবহারকারীর সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় নেয়। কয়েকজনের ক্ষেত্রে গুগল গ্লাস নিয়েও একই সমস্যা হচ্ছে।”
গুগল মুখপাত্র আরও জানিয়েছেন, গ্লাসটি ক্ষুদ্র-যোগাযোগের জন্য ডিজাইন করা হয়েছে, স্ক্রিনে তাকিয়ে থাকা, সিনেমা দেখা বা ওয়্যার অ্যান্ড পিস পড়ার জন্য তৈরি করা হয়নি।
এ বছরের এপ্রিলে সংবাদমাধ্যম বিবিসি’র প্রযুক্তি সংবাদদাতা ররি সেলান-জোনস এক সপ্তাহ পরিধেয় পণ্যটি পরীক্ষা করে বলেছিলেন, “প্রযুক্তিটি মানিয়ে নিতে কিছুটা সময় নেয়, কিন্তু কোন ব্যথা সৃষ্টি করেনা।”
তিনি আরও জানিয়েছেন, গুগল গ্লাস ব্যবহার করে কোনো প্রকার মাথাব্যথা বা চোখের চাপ অনুভব করেননি। তবে সে সঙ্গে জোনস এটিও জানিয়েছেন, বেশিরভাগ সময়ই গ্লাসের স্ক্রিন বন্ধ ছিল। শুধু অদ্ভুত ছবি, টুইট স্ক্যান এবং ইমেইলের জন্যই ব্যবহার করেছেন পণ্যটি।
