২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে গোপ্রো

হাই ডেফিনিশন ছবি তুলতে ও ভিডিও করতে সক্ষম অথচ অসম্ভব ছোট আকৃতির ক্যামেরা নির্মাতা গোপ্রো নিয়ে এল নতুন চমক। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রাকৃতি ক্যামেরা তৈরি করলেও প্রতিষ্ঠান হিসেবে আর ছোট থাকতে চাইছে না। সম্প্রতি মার্কিন শেয়ার বাজার থেকে আইপিও সংগ্রহের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 06:44 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

ঠিক কতগুলো শেয়ার বিক্রি করা হবে, কী দামে বিক্রি করা হবে এই তথ্যগুলো প্রকাশ না করলেও শেয়ার বাজার থেকে কম করে হলেও ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনার ইঙ্গিত করেছে প্রতিষ্ঠানটি।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে গোপ্রোর নেট আয় ছিল ৬.০৬ কোটি ডলার যা আগের বছরের দ্বিগুন। শেয়ার বাজারে আইপিও থেকে সংগ্রহ করা ডলার দিয়ে দেনা পরিশোধ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে প্রয়োজনীয় অধিগ্রহনের কাজ এগিয়ে রাখতে চাইছে গোপ্রো কর্তৃপক্ষ।

‘এক্সট্রিম স্পোর্টস’ ভক্তদের মধ্যে জনপ্রিয়তা আছে গোপ্রোর তৈরি হিরো সিরিজের ক্যামেরাগুলোর। আইপিও সংগ্রহের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টক মার্কেট ‘নাসডাক স্টক মার্কেটে’ গোপ্রোর পক্ষ থেকে জমা দেওয়া নথি অনুযায়ী আইপিও থেকে সংগ্রহ অর্থ দিয়ে সকল দেনা পুরোপুরি শোধ করতে চায় প্রতিষ্ঠানটি।

শেয়ারবাজারে গোপ্রোর অভিষেক নিয়ে কাজ করছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান, সিটিগ্রুপ এবং ব্রিটিশ ব্যাংক বার্কলেইজ।

গোপ্রোর সবচেয়ে বেশি সংখ্যক শেয়ারের মালিক এর প্রতিষ্ঠাতা নিকোলাস উডম্যান এবং তার পরিবারের সদস্যরা। উডম্যান পরিবারের মালিকানায় আছে ৪৯ শতাংশ শেয়ার। ২০১২ সালে ২০ কোটি ডলারে চায়নিজ প্রযুক্তি পণ্য নির্মাতা ফক্সকন কিনে নেওয়ার পর গোপ্রোর মূল্য এখন ২শ’ ২৫ কোটি ডলার।

২০০৯ সালে হাই-ডেফিনিশন ক্যামেরা লঞ্চ করার পর জোয়ার আসে গোপ্রোর জনপ্রিয়তায়। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৮৫ লাখ এইচডি ক্যামেরা বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। ১০০টিরও বেশি দেশে বিক্রি হয় গোপ্রোর ক্যামেরাগুলো।