২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে চলবে আইওএস অ্যাপ!

একই ডিভাইসে যে একই সঙ্গে অ্যান্ড্রয়েড আর অ্যাপলের আইওএস অ্যাপ চালানো সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানীরা। অ্যান্ড্রয়েড ডিভাইসে পাশাপাশি শীর্ষ দুই প্ল্যাটফর্মেই অ্যাপ চালানো যাবে ওই বিজ্ঞানীদের তৈরি ‘সাইডার’ অ্যাপটির বদৌলতে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 05:07 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সাইডারের’ নির্মাতারা আদতে কলম্বিয়া ইউনিভার্সিটির স্নাতকোত্তর গবেষক। স্মার্টফোন আর ট্যাবলেটের মতো স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের যে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, তা অতিক্রম করার জন্যই অ্যাপটি বানিয়েছেন ওই গবেষকরা।

বর্তমান হ্যান্ডহেল্ড বাজারের পুরোটাই বলতে অ্যাপলের আইওএস আর গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের দখলে। এই দুই অপারেটিং সিস্টেম থেকে ব্যবহারকারীরা প্রতিনিয়ত বিভিন্ন নতুন সেবা পেলেও আছে অনেক সীমাবদ্ধতা। যেমন, অ্যাপল আইটিউনসের মিডিয়া ব্যবহার করার কোনো সুযোগ নেই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে। অন্যদিকে আইওএস গ্যাজেট থেকে ফ্ল্যাশভিত্তিক কন্টেন্ট ব্যবহার বেশ কঠিন কাজ।

কিন্তু সাইডার থাকলে ওই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে একই ডিভাইসে দুই প্লাটফর্মের সেরা সেবাগুলো পাওয়া সম্ভব বলেই দাবি করেছেন সাইডারের নির্মাতা।

সাধারণত এক প্ল্যাটফর্মের অ্যাপ অন্য প্লাটফর্মে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হয় ‘ভার্চুয়ালাইজেশন’ পদ্ধতিতে। ‘ভার্চুয়ালাইজেশন’ পরবর্তী পারফর্মেন্স ইস্যু এড়াতে বিজ্ঞানীরা কাজ করেছেন নতুন এক পদ্ধতিতে।

অ্যান্ড্রয়েডে আইওএস অ্যাপ চালানোর জন্য ডিভাইসটির ইনফর্মেশন স্ট্রিম নিয়ে কাজ করেছেন বিজ্ঞানীরা। পরিবর্তন এনেছেন ওই স্ট্রিমে।  

সাইডারের কার্যনকারিতা দেখাতে একটি ডেমো ভিডিও বানিয়েছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির ওই গবেষকরা। ভিডিওতে নেক্সাস সেভেন ট্যাবলেটে একই সঙ্গে আইওএস অ্যাপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ চালিয়ে দেখিয়েছেন তারা।

তবে সাইডার ব্যবহার করে অ্যান্ড্রয়েডে ডিভাইসে আইওএস অ্যাপ চালালেও ওই অ্যাপগুলো কাজ করছিল ধীরগতিতে। অন্যদিকে ‘সাইডার’ কেবলই একটি প্রোটোটাইপ অ্যাপ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন এর নির্মাতারা।