২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলে এবার আবদার অপরাধীদের!

গুগলের কাছে ডেটা মুছে ফেলার যে পরিমাণ অনুরোধ এসেছে তার অর্ধেকই এসেছে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কাছ থেকে। ব্যবহারকারীরা চাইলে গুগল সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে তাদের ব্যক্তির ব্যক্তিগত তথ্য মুছে দিতে বাধ্য থাকবে বলে সম্প্রতি রায় দিয়েছিল ইউরোপিয়ান আদালত।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শিশু নিপীড়ক আর সাবেক রাজনীতিবিদের পর এবার সার্চ রেজাল্ট থেকে সংশ্লিষ্ট ডেটা মূছে দেওয়ার জন্য গুগলের কাছে আবদার করেছেন, নিজের পরিবারের সদস্যদের খুন করার চেষ্টা করেছেন এমন এক ব্যক্তি।

গুগলের কাছে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের এই ঢালাও ‘মুছে দাও’ আবদারের খবর জানিয়েছে বিবিসি। শুধু অপরাধীরাই নয় গুগলের কাছে ডেটা মুছে দেওয়ার আবেদন করেছে ব্যবসা সংস্থা থেকে শুরু করে, শিশু নিপীড়ক, অভিনেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গুগলের কাছে জমা হওয়া লিংক মুছে ফেলার অনুরোধের মধ্যে আছে:

  • নিজের পরিবারের সদস্যদের খুন করার চেষ্টা করেছিলেন এমন এক ব্যক্তি। সার্চ রেজাল্ট থেকে ওই ঘটনার একটি সংবাদের লিংক মুছে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
  • সংবাদ প্রতিবেদনের লিংক মুছে দেওয়ার আবেদন করেছেন এক সেলিব্রেটির দণ্ডপ্রাপ্ত সন্তান।
  • গুগলের কাছে লিংক মুছে দেওয়ার দাবি করেছেন বরখাস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষকও। অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে তার বরখাস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত সব তথ্য ছিল। ওই প্রতিবেদনের লিংকটি সার্চ রেজাল্ট থেকে মুছে দেওয়ার আবেদন করেছেন তিনিও।
  • সংবাদ প্রতিবেদনের লিংক মুছে দেওয়ার অনুরোধ করেছেন এক অপ্রাপ্তয়স্ক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এক অভিনেতা।
  • লিংক মুছে দেওয়ার অনুরোধ করেছেন ট্যাক্স কেলেঙ্কোরিতে জড়িত আরেক ব্যক্তি।

এর আগে বৃহস্পতিবার গুগলের কাছে সার্চ রেজাল্ট থেকে লিংক মুছে দেওয়ার আবদার করেছিলেন এক সাবেক রাজনীতিবিদ আর এক দল্ডপ্রাপ্ত শিশু নিপীড়ক।

এদিকে আদালতের ওই রায় নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এই রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় অনেকেই। তবে রায়ের পক্ষে নিজেদের অবস্থানে অনড় আছে ইউরোপিয়ান ইউনিয়ন। ‘প্রাইভেসি’ বজায় রাখতে যেয়ে যদি জনস্বার্থের লঙ্ঘন হয় তবে সেক্ষেত্রে সংষ্লিষ্ট লিংক মুছে ফেলতে হবে না বলে মন্তেব্য করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।