গুগল গ্লাস নেতৃত্বে মার্কেটিং বস
গুগল গ্লাস বিভাগ চালানোর জন্য মার্কেটিং সেক্টর থেকে নির্বাহী নিয়োগ করেছে ওয়েব জায়ান্ট গুগল। পরিধেয় পণ্যটির পরীক্ষামূলক সংস্করণ বাজারে নিয়ে আসার পরপরই মার্কেটিংয়ে অভিজ্ঞ আইভি রসকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত রসের প্রযুক্তিক্ষেত্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা সীমিত।
রসের লিংকডইন প্রোফাইল অনুসারে, তিনি ডিজনি, ম্যাটেল, ওল্ড নেভি-র মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। এছাড়া আর্ট ডটকমে সিএমও হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
নিজের ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে রস গুগল প্লাসের পোস্টে বলেছেন, “আপনাদের সহযোগিতায় গুগল গ্লাস নিয়ে সৃষ্ট সহজ কিন্তু উদ্ধত প্রশ্নগুলোর জবাব দেওয়ার প্রত্যাশা করছি।”
সাধারণ প্রযুক্তিপণ্য হিসেবে না রেখে পরিধেয় পণ্যটিকে বৃহৎ গ্রাহক পণ্যে পরিণত করার লক্ষ্যেই গুগল সম্প্রতি রসকে নিয়োগ দিয়েছে বলেই জানিয়েছে ম্যাশএবল। বর্তমানে যুক্তরাষ্ট্রের আগ্রহী ক্রেতারা এক হাজার পাঁচশ’ ডলারেই কিনতে পারছেন গুগল গ্লাস।
