স্মার্টফোন থেকেই লাইভ ভিডিও
অ্যাপের সাহায্যে স্মার্টফোন থেকেই করা যাবে সরাসরি সম্প্রচার। ইসরায়েলি প্রতিষ্ঠান মোবলি বৃহস্পতিবার নিজস্ব অ্যাপ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এ সুবিধাটি।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, মোবলির অ্যাপে ছয় কোটি ডলার বিনিয়োগ করেছেন মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম।
একসময় বিশ্বের শীর্ষধনী খেতাবপ্রাপ্ত কার্লোস স্লিমকে ‘টেলিকম ম্যাগনেট’ হিসেবে উল্লেখ করে সিএনএন বলেছে, স্লিমের বিনিয়োগের কারণে প্রতিষ্ঠানটির মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে।
টেক জায়ান্ট অ্যাপলের ফেইসটাইম এবং স্কাইপির মাধ্যমে সরাসরি ভিডিও যোগাযোগ সম্ভব হলেও মোবলি জানিয়েছে, তাদের শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে সরাসরি লাখো মানুষকে স্মার্টফোন লেন্স, যা ধারণ করছে ঠিক সেটিই দেখানো যাবে।
অনেকেই মোবলির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোশি হোগেগের ফটো-শেয়ারিং অ্যাপকে ফেইসবুক মালিকানাধীন ইন্সটাগ্রামের সঙ্গে তুলনা করে থাকে।
হোগেগ আশা করছেন, অ্যাপটির নতুন ভিডিও-স্ট্রিমিং ফিচার তার প্রতিষ্ঠানকে ফটো-শেয়ারিং বাজার থেকে ভিন্ন অবস্থানে নিয়ে যাবে।
অন্যদিকে কায়রো, কিয়েভ, ক্যারাকাসে সংঘটিত বিক্ষোভে ছবি শেয়ারিং অ্যাপ ব্যবহারের বিষয়টি ছিল লক্ষণীয়। মোবলির অ্যাপের নতুন এ প্রযুক্তিটির সাহায্যে বিক্ষোভকারীরা এখন বিক্ষোভের ভিডিও সরাসরি বিশ্ববাসীকে দেখাতে পারবেন বলেই জানিয়েছে সিএনএন।
বর্তমানে অ্যাপটির সরাসরি সম্প্রচার দেখার জন্য মোবলি অ্যাপের প্রয়োজন পড়লেও কয়েক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটেই সাধারণ মানুষ ভিডিও দেখতে পারবেন এমনটাই জানিয়েছে মোবলি।
নতুন সেবা সম্পর্কে হোগেগ জানিয়েছেন, সরাসরি সম্প্রচারের এ সেবাটি কাজ করার প্রধান কারণ হচ্ছে এটি এমন এক পন্থায় সম্প্রচার করতে সক্ষম যা আগে সম্ভব ছিল না। দ্রুতগতির ইন্টারনেট ও বাজারের উন্নত ডিভাইসগুলোর কারণে এখন এ সেবা দেওয়া সম্ভব বলেই জানিয়েছেন তিনি।
তবে হোগেগ এও জানিয়েছেন, ধীরগতির মোবাইল ইন্টারনেট সংযোগের দেশগুলোতে সেবাটির সুবিধা পাওয়া যাবে না। সামনে ফিচারটিতে ভিন্নমাত্রাও যোগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেবাটির মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীরা স্বল্প অর্থের বিনিময়ে জনপ্রিয় তারকাদের লাইভ পারফরমেন্সও দেখতে পারবেন বলেই জানিয়েছে সিএনএন।
