অনুমোদন পেল রোবটিক হাত
মার্কিন মেডিক্যাল অথরিটির কাছ থেকে অনুমোদন পেল রোবটিক হাত। পোষাকের জিপার লাগানো বা দরজা খোলার মতো খুঁটিনাটি কাজ শারীরীকভাবে অক্ষম রোগীদের জন্য অনেক সহজ করে দেবে ওই রোবটিক অঙ্গগুলো।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অনুমোদন পাওয়া ‘ডেকা আর্ম’-এর ডিজাইন করা হয়েছে রক্ত-মাংসের আসল হাত বা বাহুর সঙ্গে মিল রেখে। মার্কিন ডিফন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সির (ডারপা) ৪ কোটি ডলার অর্থায়নে তৈরি হয়েছে ডেকা আর্ম।
বাজারে প্রচলিত যে কোনো কৃত্রিম হাতের তুলনায় অনেক এগিয়ে আছে ডেকা আর্ম। পোষাক বা ব্যাগের জিপ লাগানো, দরজা খোলা, ছোট কোনো বস্তু নাড়াচাড়া করার মতো কাজগুলো সহজেই করা যাবে ডেকা আর্ম দিয়ে।
বাহুর মাংসপেশীর ছোট ছোট নাড়াচাড়াও চিহ্নিত করার জন্য ডিভাইসটিতে আছে একাধিক ইলেকট্রোড। মাংসপেশীর ওই নড়াচড়ার মাধ্যমে ডেকা আর্মের আলাদা আলাদা ১০টি মুভমেন্ট শিখতে পারবেন ব্যবহারকারীরা।
ডেকা আর্ম নিয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডারপা মুখপাত্র জাস্টিন সানচেজ বলেন, “ছোট একটা আঙুরের মতো স্পর্শকাতর বস্তুও ধরে নাড়াচারা করা সম্ভব ডেকা আর্ম দিয়ে। শুধু তাই নয়, ড্রিল মেশিনের মতো যন্ত্রপাতিও ব্যবহার করা যাবে রোবটিক হাতটি দিয়ে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন(এফডিএ) জানিয়েছে, কাঁধ, বাহুর মাঝামাঝি, এবং বাহুর নিচ থেকে হাত নেই এমন ব্যক্তিরা রোবোটিক হাতটি ব্যবহার করতে পারবেন।
