আইফোন ৬-এ এনএফসি প্রযুক্তি!
বাজারে জোর গুজব, আইফোন ৬-এ নিয়ার ফিল্ড কমিউনিকেশান (এনএফসি) প্রযুক্তি যোগ করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ম্যাকরিউমার ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাগশিপ স্মার্টফোনের এনএফসি প্রযুক্তি যোগ করতে আঁটঘাট বেধেই মাঠে নামছে অ্যাপল।
সংশ্লিষ্ট এক গোপন সূত্রের বরাত দিয়ে আইফোন ৬-এ এনএফসি থাকার কথা সর্বপ্রথম জানায় ব্রাইটওয়্যার ডটকম। সাইটটির ওই প্রতিবেদন অনুযায়ী, পাসবুক অ্যাপে ব্যাংকিং সেবা যোগ করতে চীনের ইউনিয়নপের সঙ্গেও চুক্তিতে এসেছে অ্যাপল।
“সম্ভবত পরবর্তী প্রজন্মের আইফোন এনএফসি পেমেন্ট সেবা আনতে যাচ্ছে অ্যাপল। সংশ্লিষ্ট এক সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, চীনের ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিয়নপের সঙ্গে মোবাইল পেমেন্টে সেবা নিয়ে নতুন একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।”-- বলা হয়েছে ব্রাইটওয়্যারের ওই প্রতিবেদনে।
এনএফসি পেমেন্ট সেবা ছাড়াও দুই প্রতিষ্ঠান মিলে মোবাইল পেমেন্টের মাধ্যমে অ্যাপল অ্যাপ স্টোর থেকে কেনাকাটা সারার নতুন একটি সেবা নিয়ে কাজ করছে বলেও জানিয়েছে ব্রাইটওয়্যারের ওই গোপন সূত্র।
অ্যাপল আইফোন ৬-এ এনএফসি প্রযুক্তি যোগ করলে পদক্ষেপটি অ্যাপল ভক্তদের জন্য বিস্ময়কর হবে বৈকি। এনএফসি বর্তমান কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না বলে ২০১২ সালে মন্তব্য করেছিলেন অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং প্রধান ফিল শিলার।
অন্যদিকে অ্যাপল নতুন আইফোনে এনএফসি চিপ ব্যবহার করবে, গত মাসেই এমন ভবিষ্যদ্বানী করেছিলেন কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও।
এ বছরের শেষেই বাজারের নতুন আইফোন ছাড়ার সম্ভাবনা রয়েছে অ্যাপলের। ধারণা করা হচ্ছে একই সঙ্গে ৪.৭ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লের দুটি আলাদা মডেল উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। ম্যাকরিউমারের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনে থাকবে আরও দ্রুত গতির এ৮ প্রসেসর, আরও উন্নত ক্যামেরা। আকারে আগের আইফোনগুলোরও থেকেও পাতলা হবে নতুন আইফোন ৬। আর নতুন আইফোনের দাম ১০০ ডলার বাড়াতে অ্যাপল মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর আলোচনা করছে বলেই জানিয়েছে সাইটটি।
