মার্কিন নেভিতে ‘স্টেলথ’ ই-রিডার!
নিজেদের ‘উদ্ভাবণী প্রতিভা’র প্রমাণ দিল মার্কিন নৌবাহিনী! সাবমেরিনের নাবিকদের ‘স্টেলথ ই-রিডার’ দিতে যাচ্ছে এই মার্কিন প্রতিরক্ষা শক্তি।
ওই ‘স্টেলথ ই-রিডার’ এতোটাই যুগান্তকারী যে, শত্রু রাডার তো দূরের কথা ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই সংযোগ বা রোমিং ডেটা ক্যাপাবিলিটর কোনোটাতেই খোঁজ মিলবে না ওই ই-রিডারের। কী সেই বিশাল প্রযুক্তি যার কারণে খোজ মিলবে না এই ডিভাইসের? এতে ডেটা কমিউনিকেশনের কোনো পথই রাখা হয়নি!
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবমেরিনের নাবিকদের এই ই-বুক রিডারের নাম দেওয়া হয়েছে “Navy eReader Device (NeRD)”। নিরাপত্তার দোহাই দিয়ে এতে ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই সংযোগ বা কোনো ধরনের ডেটা ট্রান্সফার সুবিধা রাখতে দেয়নি মার্কিন নৌবাহিনী।
প্রথমে কেবল সাবমেরিনের নাবিকরা পেলেও ক্রমান্বয়ে বাহিনীর সবধরণের যানের নাবিকরাই ই-বুক রিডার পাবেন বলে বিবিসিকে জানিয়েছেন নেভি জেনারেল লাইব্রেরি প্রোগ্রামের ম্যানেজার নেলি মোফিট।
“নৌবাহিনীর ৭১টি সাবমেরিনের প্রতিটিতে ৫টি করে মোট ৩৫৫টি ই-বুক রিডার দেওয়া হবে। ক্রমান্বয়ে বাহিনীর সবগুলো যানেই আমরা নার্ড পাঠাবো।”-- এমনটাই বলেছেন মোফিট।
জিপিএস, ওয়াই-ফাই এবং রোমিং ডেটা ফিচার থাকায় প্রচলিত ই-রিডারের ব্যবহার মার্কিন নৌবাহিনীতে নিষিদ্ধ। প্রচলিত ই-রিডারের ওই ‘নিরাপত্তা ঝুঁকি’ নার্ডে নেই, কারণ ইনপুট আর ইন্টারনেট সংযোগই যে নেই ডিভাইসটিতে।
কোনো রকমের সংযোগ সুবিধা না থাকায় শেষ পর্যবন্ত ভুগবেন নাবিকরাই। ই-রিডারটিতে প্রি-লোড করা থাকবে ৩০০টি বই। এর মধ্যে ক্লাসিক থেকে শুরু করে হাল আমলের বেস্ট সেলার বই থাকবে বলা হলেও, নিজেদের পছন্দ মতো বই লোড করার সুযোগ পাবেন না নাবিকরা।
