ডেমোনয়েড ব্লক করল গুগল
ম্যালওয়্যার থাকার অভিযোগে ফাইলশেয়ারিং ওয়েবসাইট ডেমোনয়েড ব্লক করেছে গুগল। সাইটটিতে প্রবেশ করতে গেলেই এ বিষয়ে গুগলের তরফ থেকে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, গুগল সতর্কবাণীর পরেও ক্লিক করলে ওয়েবসাইটটির বদলে ব্যবহারকারীদের গুগলের মালওয়্যার ওয়ার্নিং পেইজে নিয়ে যাওয়া হয়।
পেইজটিতে ব্যবহারকারীদেরকে নিজ ঝুঁকিতে সাইটটিতে প্রবেশ করতে বলা হয় অথবা সার্চ ফলাফল থেকে অন্য সাইট বেছে নেয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়াও ডেমোনয়েড সাইটটি কেন ব্লক করা হয়েছে সে বিষয়টি ব্যাখ্যা করে একটি ডায়াগনস্টিক রিপোর্টও দেয়া আছে পেইজটিতে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছরের শুরুতে পুণরায় চালু করা হয়েছে ফাইল শেয়ারিং এ সাইটটি। সাইটটি ব্লক করার বিষয়ে গুগলের ওয়ার্নিং পেইজে বলা হয়েছে, ৯০ দিনে সাইটটির ৭৮টি পেইজ পরীক্ষা করে তারা এমন মোট সাতটি পেইজ পেয়েছেন যেগুলো ব্যবহারকারীর পিসিতে ম্যালিশাস সফটওয়্যার পাঠায়।
অন্যদিকে প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট টরেন্টফ্রিক জানিয়েছে, ম্যালওয়্যারের জন্য বিজ্ঞাপনদাতাদের দায়ী করছে ডেমোনয়েড। এ প্রসঙ্গে সাইটটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্ল্যাকলিস্ট থেকে নিজেদের বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
