মার্কিন নির্বাচনে বিটকয়েন চলবে
রাজনৈতিক অনুদান হিসেবে বিটকয়েন ব্যবহারের অনমুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিটি। বৃহস্পতিবার ৬-০ ভোটে অনুদানের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইন নির্বাচন এবং রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনবিষয়ক আইন প্রণেতা সংস্থাটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৭১ সালে প্রবর্তিত ‘ফেডারেল ইলেকশন ক্যাম্পেইন অ্যাক্ট’ অনুসারে বিটকয়েনকে ‘অর্থ বা আর্থিক মূল্য আছে’ এমন বস্তু হিসেবে বিবেচনা করছে ফেডারেল ইলেকশন কমিটি (এফইসি)। বিটকয়েন ব্যবহারের অনুমতি দিলেও এ ধরনের লেনদেনের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলোর ‘পলিটিকাল অ্যাকশন কমিটি’ (পিএসি) অনুদান হিসেবে বিটকয়েন নিলেও তা সরাসরি ক্যাম্পেইন অ্যাকাউন্টে জমা দিতে পারবে না। বরং ওই বিটকয়েনগুলো ডলারে রূপান্তরিত করে তবেই জমা দেওয়া যাবে ক্যাম্পেইন অ্যাকাউন্টে।
অনুদান হিসেবে সর্বোচ্চ ১০০ ডলার সমমূল্যের বিটকয়েন সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছিল মার্কিন ফেডারেল ইলেকশন কমিটিতে। ওই প্রস্তাবের বিপরীতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নির্বাচন কমিটি। অনুদান হিসেবে বিটকয়েন দিলেও দাতাকে নিজের নাম, স্থায়ী ঠিকানা এবং কর্মস্থলের বিস্তারিত জানাতে হবে অনুদানের সঙ্গে।
প্রযুক্তিজগতে সবার চোখ এখন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের উপর আছে অনেকদিন ধরেই। আর বছরের শুরুতেই এমটিগক্স হ্যাকিংয়ের ঘটনার পর থেকে মূলধারার সংবাদমাধ্যম, সাধারণ ব্যবহারকারী, বিভিন্ন দেশের সরকার আর আদালতে একাধিকবার আলোচনায় এসেছে বিটকয়েন।
মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বের বিভিন্ন অংশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ক্রিপ্টেকারেন্সি এটিএম বুথ। লেনদেনের মাধ্যমে হিসেবে বিটকয়েন গ্রহণ করাও শুরু করেছে বেশ কিছু ক্যাসিনো। এমনকি বিটকয়েনের বিনিময়ে পণ্য সীমিত পরিসরে পণ্য করছে বিক্রি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ইবে সাইট।
অন্যদিকে অনুদানের মাধ্যমে হিসেবে এফইসি বিটকয়েনকে স্বীকৃতি দেওয়ার ঠিক আগের দিনই বিটকয়েন এবং একই ধরনের ভার্চুয়াল কারেন্সির সঙ্গে জড়িত খাতে বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিটকয়েনের লেনদেন অনিয়ন্ত্রিত, ঝুঁকিপূর্ণ এবং এর কোনো নিশ্চয়তা না থাকায় ভার্চুয়াল কারেন্সিটি লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এসইসি। সংসস্থাটির মতে বিটকয়েন লেনদেনের ক্ষেত্রে জালিয়াতির শিকার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
