২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটিং সাইট দিচ্ছে শিক্ষাবৃত্তি

ডেটিং সাইট ম্যাচ ডটকম শিক্ষাবৃত্তির উদ্যোগ নিয়েছে। তবে ওই বৃত্তি কেবল সেসব দম্পতির সন্তানরাই পাবেন যাদের পরিচয় ঘটেছিল সাইটটির মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজরাফ আল মূতী, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 04:49 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

“ম্যাচ ডটকম যখন প্রতিষ্ঠান হিসেবে ১৮ বছর পূর্ণ করল, তখনই আমাদের মাথায় এই আইডিয়া আসে।”-- ম্যাশএবলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন সাইটটির সিইও স্যাম ইয়াগান।

ম্যাচ ডটকমের প্রথম দিকের গ্রাহকের সন্তানদের কলেজে পড়ার খরচ দেওয়া হবে এ বৃত্তির মাধ্যমে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বিশ্বের প্রথম এ ডেটিং সাইটটির শুরুর দিকের অনেক গ্রাহকের ছেলেমেয়েই এখন হাই স্কুলে পড়ছে।

১৩ থেকে ২০ বয়সী যেসব ছেলেমেয়ের বাবা-মায়ের পরিচয় হয়েছিল ম্যাচ ডটকমে, শুধু তারাই পাবে ৫০ হাজার ডলারের এই বৃত্তির সুযোগ। ওই বৃত্তি পাওয়ার জন্য সেসব ছেলেমেয়ের একটি ভিডিও পাঠাতে হবে। ছেলেমেয়েদের সে ভিডিওটিতে ম্যাচ ডটকমে বাবা-মায়ের পরিচয়পর্ব, প্রথম মেসেজ আদান-প্রদান ইত্যাদি ব্যাপারে জানাতে হবে। ৩০ জুন ২০১৪ পর্যন্ত ভিডিওর মাধ্যমে বৃত্তির আবেদন করতে পারবে ছেলেমেয়েরা।

নির্বাচিত ভিডিওগুলো পরবর্তীতে ম্যাচমেইড ওয়েবসাইটে পোস্ট করা হবে। পছন্দের ভিডিওকে ভোট দেওয়া ও ফেইসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমে শেয়ার করার সুযোগও থাকবে বলে জানিয়েছে ম্যাচ ডটকম। বৃত্তি প্রসঙ্গে ম্যাচ ডটকমের সিইও স্যাম ইয়াগান বলেছেন, “এসব ছেলেমেয়ের পৃথিবীতে আনার ব্যাপারে ক্ষু্দ্র ভূমিকা পালন করেছি আমরা। এখন তাদের কলেজে পাঠানোর ব্যাপারে আবারও ক্ষুদ্র ভূমিকা পালন করতে চাচ্ছি।”