২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দীর্ঘ ইউআরএল’ থাকবে না ক্রোমে!

ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে ‘দীর্ঘ ইউআরএল’ বাদ দেওয়া যায় কিনা সেটা নিয়েই বুঝি পরীক্ষা চালাচ্ছে টেকজায়ান্ট গুগল। অন্তত এমন ইঙ্গিতই করছে গুগলের ‘এক্সপেরিমেন্টাল’ ক্যানারি ব্রাউজারের সর্বশেষ আপডেট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 06:19 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানারি ব্রাউজারের সর্বশেষ আপডেটে ‘দীর্ঘ ইউআরএল’ লুকিয়ে রাখার ফিচার যোগ করেছে গুগল। ফিচারটি চালু থাকলে পুরো ইউআরএলের বদলে কেবল ওয়েবসাইট আর ডোমেইনের নামটাই দেখাবে ক্যানারি ব্রাউজার।

অ্যাপলের সাফারি ব্রাউজারের মোবাইল ভার্সনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ক্যানারির নতুন ফিচারের। আইওএস ৭-এ সাফারি ব্রাউজার ইউআরএলগুলো লুকিয়ে ফেলে বাই ডিফল্ট। পুরো ইউআরএল দেখতে চাইলে ট্যাপ করতে হয় অ্যাড্রেস বারে।

একইভাবে ক্যানারির নতুন ফিচারটি চালু করা থাকলে পুরো ইউআর দেখতে হবে ডোমেইনের নামে ক্লিক করে।

ক্যানারি ব্রাউজার আদতে গুগলের তৈরি ক্রোম ব্রাউজারের পরীক্ষামূলক ভার্সন। ক্রোম টিমের সদস্যরা ব্রাউজারটি প্রতিদিনই আপডেট করে থাকেন নতুন ফিচার দিয়ে, যার বেশিরভাগই আগে পরীক্ষা করে দেখা হয়নি এমন ফিচার। ক্রোমে নতুন কোনো ফিচার যোগ করার আগে তার কার্যকারীতা ক্যানারি দিয়েই পরীক্ষা করে নেয় গুগল।

যেহেতু ক্যানারি কেবলই ক্রোম ব্রাউজারের পরীক্ষাক্ষেত্র, তাই গুগল যে সত্যিই ক্রোমে ইউআরএল লুকিয়ে ফেলার ফিচার যোগ করবে-- তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে ক্যানারি ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে ক্রোমে ব্রাউজারের গুগল এই ফিচারটি যোগ করতেও পারে এমনটাই বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।