২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেড-মাউন্টেড ডিসপ্লে বানাচ্ছে অ্যাপল

অ্যাপল ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি নিয়ে কাজ করছে এমন গুজব শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে সত্যি প্রমাণ হল সেই গুজব। নতুন হেড-মাউন্টেড ডিসপ্লে (এইচএমডি) প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 12:43 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অকুলাস রিফট হেডসেটের সঙ্গে বেশ খানিকটা মিল রয়েছে অ্যাপলের হেড-মাউন্টেড ডিসপ্লের ডিজাইনে। তবে অকুলাস রিফটের সঙ্গে অ্যাপলের এইচএমডির পার্থক্য হল আইপ্যাডের মতো কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের সঙ্গেও ব্যবহার করা যাবে এটি।

ওয়াই-ফাই সংযোগ সুবিধা থাকবে অ্যাপলে এইচএমডিতে। অ্যাপল টিভির সঙ্গে সংযোগ দেওয়া যাবে এটি। স্ট্যান্ডার্ড এবং থ্রিডি দুধরনের ভিডিওই চলবে এতে।

পেটেন্ট আবেদনে এইচএমডির ডিজাইনের বিভিন্ন ইতিবাচক সম্ভাবনার কথাও উল্লেখ করেছে অ্যাপল। তবে এর স্ক্রিন রেজুলিউশন উল্লেখ করা হয়নি পেটেন্ট আবেদনে। ব্যবহারকারীর চোখ থেকে ডিসপ্লের ভার্চুয়াল দুরত্ব হবে ৫ মিটার দূর থেকে থিয়েটারে মুভি দেখার সমান, এমনটাই বলা হয়েছে পেটেন্ট আবেদনে।

এইচএমডিতে কোন ধরনের সেন্সর ব্যবহার করা হবে সে ব্যাপারেও কোনো তথ্য দেয়নি অ্যাপল। ২০১৩ সালে পেটেন্টের আবেদনটি করলেও এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি টেকজায়ান্ট প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ম্যাশএবল জানিয়েছে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত পায়নি অ্যাপলের পেটেন্ট আবেদন। ইউপিটিও-র ‘লেটেস্ট পেটেন্ট’ ফিডে থাকলেও পেটেন্ট আবেদনটি উল্লেখ করা হয়েছে বাতিল আবেদন হিসেবে। তবে এখনও পরিবর্তন আবারও আবেদনের সুযোগ আছে অ্যাপলের।