মেক্সিকোতে মিলল আতারির হারানো গুপ্তধন
অবশেষে নিউ মেক্সিকোতে জঞ্জালের স্তূপ খুঁড়ে মিলল আশির দশকে বিলুপ্তি পাওয়া মার্কিন আর্কেড গেইম নির্মাতার আতারির হারানো গুপ্তধন। প্রতিষ্ঠানের বিলুপ্তির সঙ্গে হারিয়ে যাওয়ার ৩১ বছর পর আতারি ই.টি গেইমের কার্টিজ উদ্ধার হয়েছে শনিবার।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, একটা সময় আতারির ওই ‘হারানো গুপ্তধন’ ছিল কেবলই এক কিংবদন্তি। শনিবারে সেই কিংবদন্তিকে সত্যিতে রূপান্তর দেখতে নিউ মেক্সিকোতে হাজির হয়েছিলেন অসংখ্য গেইমার। সঙ্গে ছিল আতারির গেইম কনসোল।
নিখোঁজ ওই গেইম কার্টিজের খোঁজে নেমেছিল ফিউয়েল এন্টারটেইনমেন্ট আর এক্সবক্স এন্টারটেইনমেন্ট স্টুডিও। খনন কাজের দায়িত্বে ছিলেন স্থানীয় গার্বেজ কন্ট্রাক্টর জো লেওয়ানডোস্কি। কয়েক ঘণ্টা ধরে জঞ্জালের স্তূপ খুঁড়ে মেলে আতারির তৈরির ই.টি গেইম কার্টিজ।
১৯৮৩ সালে বাজারে আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল গেইমটি। আর আতারির বিলুপ্তির সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়েছিল ৩৫ লাখ ই.টি গেইম কার্টিজ। তিন্তু তিন দশক পরেও গেইমারদের কাছে গেইমটির রয়েছে আলাদা চাহিদা। অনেক গেইমারের কাছে, তাড়াহুড়ো করে নির্মিত একটা ভিডিও গেইম যে একটা প্রতিষ্ঠানের দুর্দিন ডেকে আনতে পারে তারই যেন জলজ্যান্ত প্রমাণ আতারি।
