নিসানের সেল্ফ ক্লিনিং ভেহিক্যাল
স্বয়ংক্রিয়ভাবে গাড়ি পরিষ্কার রাখার জন্য জাপানি গাড়ি নির্মাতা নিসান নিয়ে এসেছে নতুন সেল্ফ ক্লিনিং পেইন্ট প্রযুক্তি। নিসান’স নোট গাড়িতে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে এ প্রযুক্তি। গাড়ির বডিতে বিশেষ ধরনের রং ব্যবহারের ফলে গাড়িতে পানি ও তৈলাক্ত পদার্থের দাগ পড়বে না।
নিসানের প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নিসানের গাড়িতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে স্পেশাল সুপার-- হাইড্রোফোবিক পেইন্ট ও অলিওফোবিক পেইন্ট।
বিশ্বের যে কোনো স্থানে আবহাওয়ার উপযোগী এ প্রযুক্তি গাড়িতে সংযোজন হলে বৃষ্টির পানির দাগ কিংবা বডিতে আটকে থাকা ধুলো পরিষ্কার করার জন্য বালতি নিয়ে দৌড়াতে হবে না। এছাড়া প্রোটেক্টিভ এয়ার লেয়ার কাদা ও ধুলো থেকে গাড়ি রাখবে সুরক্ষিত ।
নিসান জানিয়েছে, পরীক্ষামূলকভাবে নিসান নোট গাড়িতে ওই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রাথমিক গবেষণায় সফলতার কথা জানিয়েছেন নির্মাতারা। এই প্রযুক্তি ব্যবহারে সাধারণ আবহাওয়া, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় গাড়ির বডিতে পানি কিংবা রাস্তায় আবর্জনার দাগ পড়বে না।
আগামী কয়েকমাস ইউরোপে নিসানের টেকনিক্যাল সেন্টারে ন্যানো পেইন্ট টেকনোলজি নিয়ে আরও গবেষণা চলবে বলে জানিয়েছে নিসান।
