২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাদেলা ‘বরে’ মাইক্রোসফটের সুদিন

প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল সফটজায়ান্ট মাইক্রোসফটের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছিল খুব বেশি দিন হয়নি। কিন্তু ‘সিংহাসনে’ বসেই ওয়ালস্ট্রিট জার্নালের সেই সংশয় ভুল প্রমাণ করলেন নতুন সিইও সত্য নাদেলা। আর তার প্রমাণ শেয়ারবাজারে মাইক্রোসফটের শক্ত গাঁথুনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 04:26 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শেষ বৃহস্পতিবারেও শেয়ার বাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই শতাংশ। নাদেলা সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিক্রি বেড়েছে অফিস ৩৬৫ সফটওয়্যারের, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কর্পোরেট ভার্সনের বিক্রি বেড়েছে ১৯ শতাংশ।

সব মিলিয়ে ২০১৪ সালের প্রথম তিন মাসে ২ হাজার ৪০ কোটি ডলার আয় করেছে মাইক্রোসফট। অথচ বিশ্বব্যাপী পিসি বিক্রির হার কমতে থাকায় মাইক্রোসফটের আর্থিক ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছিল ওয়ালস্ট্রিট জার্নাল।  

নাদেলা মাইক্রোসফট সিইও হিসেবে এবছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিলেও, সফটজায়ান্টের সঙ্গে আছেন ১৯৯২ সাল থেকে। প্রযুক্তিবাজার যখন পিসি ছেড়ে স্মার্টফোন আর ট্যাবলেটের মতো স্মার্ট ডিভাইসের দিকে ঝুঁকছে, তখন সিইও হিসেবে নাদেলাকে পছন্দ করার পেছনে মাইক্রোসফটের মূল কারণ ছিল উইন্ডোজের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যের বাইরেও প্রযুক্তিব্যবসার বিভিন্ন ক্ষেত্রে নাদেলার অভিজ্ঞতা। 

শুরু থেকেই প্রযুক্তি বাজারে ‘সাহসী’ পদক্ষেপ নেওয়ার লক্ষ্য ছিল বলে বৃহস্পতিবারের এক কনফারেন্স কলে মন্তব্য করেন নাদেলা। বিশ্লেষকদের সঙ্গে ওই কনফারেন্স কলে নাদেলা আরও বলেন, “পিসিবাজারে আমরা অংশ নিয়েছি। আর এখন আমরা অংশ নিচ্ছি এমন এক প্রযুক্তি বাজারে যা কিনা পিসির বাজারের থেকেও বড়।”