২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার প্রোটোজিও কিনল ফেইসবুক

ফিটনেস অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান প্রোটোজিও কিনে নিয়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। হেলসিঙ্কিভিত্তিক প্রতিষ্ঠানটি দিয়ে ফেইসবুকের অভিষেক হল স্বাস্থ্যপ্রযুক্তির জগতে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 05:50 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ঠিক কত ডলারের বিনিময়ে প্রোটোজিও কিনে নেওয়া হয়েছে তা প্রকাশ করেনি ফেইসবুক। তবে প্রতিষ্ঠানটির কর্মীরা সংখ্যায় ১০ জনেরও কম। লেনদেনের অংকটাও ফেইসবুকের সাম্প্রতিক ‘হাই প্রোফাইল ডিল’ গুলোর তুলনায় নিতান্তই নগন্য।

সাম্প্রতিক সময়ে মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’ আর ভার্চুয়াল হেডসেট নির্মাতা ‘অকুলাস’ কিনে প্রযুক্তি জগতে আলোচনার ঝড় তুলেছিল ফেইসবুক। ফেইসবুক হোয়াটসঅ্যাপের জন্য খরচ করেছে ১ হাজার ৯’শ কোটি ডলার। আর অকুলাস কিনেছে ২’শ কোটি ডলারের বিনিময়ে।

অন্যদিকে স্মার্টফোনের বিল্ট-ইন সেন্সর দিয়ে ব্যবহারকারীর দৈনন্দিন কাজকর্ম এবং শারিরিক অবস্থা ট্র্যাক করার অ্যাপ ‘মুভস’-এর নির্মাতা প্রোটোজিও। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, অ্যাপটি বিশ্বব্যাপী আইফোন আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করেছেন ৪০ লাখেরও বেশিবার।

ফেইসবুকের মালিকানায় যাওয়ার পরও মুভস অ্যাপের সেবায় কোনো পরিবর্তন আসবে না বলে দাবি করেছে প্রোটোজিও, ফেইসবুকের সঙ্গে কোনো ডেটা লেনদেন না করে মুভস স্বাধীন অ্যাপ হিসেবে কাজ করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে রিসার্চ ফার্ম আইডিসির গবেষক অ্যালিস উডওয়ার্ডের বক্তব্য, “প্রোটোজিও কিনে নেওয়ার পেছনে ফেইসবুকের মূল উদ্দেশ্য হল, বিজ্ঞাপন খাতের আয় বাড়ানো। মুভস অ্যাপটি থেকে পাওয়া ইউজার ডেটা কাজে দিয়ে বিজ্ঞাপন দাতাদের আকৃষ্ট করাই চেষ্টাই করবে ফেইসবুক।”